মুরাদনগরে বিলের মাঝে সড়কবিহীন স্কুল কুমিল্লার কাগজে সংবাদ প্রকাশের পর টনক লড়েছে উপজেলা চেয়ারম্যানের
Published : Friday, 3 June, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমানর, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে যাতায়তের জন্য সড়ক নির্মানের উদ্যোগ নিয়েছেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর। গত ১ জুন (বুধবার) দৈনিক কুমিল্লার কাগজের তৃতীয় পাতায় ‘বিলের মাঝে সড়কবিহীন স্কুল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যান ওই স্কুলটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সড়ক ও বিদ্যুৎ সংযোগের জন্য জমির মালিক, শিক্ষক ও স্থানীয়দের সাথে কয়েক দফা বৈঠক করেন।
মুরাদনগর উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, গত ৫ বছরে সড়ক নির্মাণ না হওয়া এবং বিদ্যুৎ সংযোগ না পাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। দৈনিক কুমিল্লার কাগজে প্রকাশিত সংবাদটি দেখেই আমি স্কুলটি পরিদর্শন করি এবং স্কুলের পাশের জমির মালিকদের সাথে বিষয়টি সমাধানের লক্ষে বৈঠক করি। একপক্ষ সড়ক নির্মাণে জমি দিতে ইচ্ছা প্রকাশ করেছে। অপর আরেকটি পক্ষ অচিরেই জমি দেওয়ার ইচ্ছা প্রকাশ করবে আমার বিশ^াস। জমি পাওয়ার সাথে সাথেই সড়ক ও বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হবে। তখন আর অমানবিক ভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে না কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের।
উল্লেখ্য, বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রেজিস্টার স্কুল হিসেবে রানীমুহুরী-বড়ইয়াকুড়ি সড়কের পাশে ১৯৯৫ সালে স্থাপিত হয়। স্কুলটিকে ২০১২ সালে জাতীয়করণ করে সরকার। বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ হয়ে পড়লে ২০১৭ সালে পাশের বিলের মাঝে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তৃতীয় প্রাথমিক শিক্ষা কর্মসূচীর (পিইডিপি-৩) আওতায় একটি দ্বিতল ভবন নির্মাণ করে স্কুলটি স্থানান্তর করা হয়। কিন্তু স্কুলটিতে যাতায়াতের জন্য কোন রাস্তা ছিল না। এছাড়াও বিদ্যালয়টির চারদিকে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরী, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি না থাকায় অমানবিক ভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থী এবং শিক্ষার্থীরা।