
করোনাভাইরাসের
কারণে খেলাধুলাও হয়ে গিয়েছিল জটিল। চার দেয়ালে বন্দি থেকে কঠোর
বিধি-নিষেধের মাঝে অংশ নিতেন খেলোয়াড়রা। করোনার প্রকোপ শুরুর পর থেকে দেশে
সবগুলো সিরিজই অনুষ্ঠিত হয় কঠোর জৈব সুরক্ষা বলয়ে তথা বায়োবাবলে।
তবে এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে থাকছে না কোনো বায়োবাবল।
রাইজিংবিডিকে শুক্রবার (০৬ মে) নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন।
‘বায়োবাবল
বলে এবার কিছু থাকছে না। করোনাভাইরাস পরীক্ষা করা হবে। এ ছাড়া কারো উপসর্গ
দেখা দিলে পরীক্ষা করা হবে। শ্রীলঙ্কা দল ৮ তারিখ ঢাকায় আসবে, চেষ্টা করা
হবে তাদের সেদিনই টেস্ট করার।’
শ্রীলঙ্কা দল ৮ মে ঢাকায় পা রাখবে। সেদিনই তাদের করোনা টেস্ট করানোর কথা রয়েছে। এ ছাড়া বাংলাদেশের ক্রিকেটারদের করা হবে ৯ মে।
প্রথম
টেস্ট ১৫ মে থেকে শুরু হবে চট্টগ্রামে। বাংলাদেশ ৮ মে বন্দরনগরীতে গেলেও
শ্রীলঙ্কা অবস্থান করবে ঢাকায়। ৯ মে অনুশীলনের পর ১০ ও ১১ মে তারা
বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর তারা চট্টগ্রাম যাবে।
বায়োবাবল
না থাকলেও সাবধানতা অবলম্বনের জন্য বার্তা দিচ্ছে বিসিবির মেডিকেল বোর্ড।
মনজুর বলেন, ‘এমনিতেই কোন বিধি-নিষেধ নাই। তবে আমাদের দিক থেকে বলা হয়েছে
স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। মাস্ক, সেনিটাইজার ব্যবহার করার জন্য।’
প্রথম
টেস্ট শেষে দুই দলই ফিরবে ঢাকায়। ২৩ মে থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয়
ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ দুটি আইসিসি টেস্ট
চ্যাম্পিয়নশিপের অংশ।