অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন আমির!
Published : Tuesday, 12 April, 2022 at 12:00 AM
অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন মোহাম্মদ আমির। পাকিস্তানের স্থানীয় পত্রিকাগুলোতে এমনই খবর প্রকাশিত হয়েছে।
প্রধানমন্ত্রী
ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর গুঞ্জন শোনা যাচ্ছে রমিজ রাজা পাকিস্তান
ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে পারেন। দায়িত্ব
নিতে পারেন নাজাম শেঠি। আর সেটা হলে অবসর ভেঙে ফিরতে পারেন আমির। যিনি
পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টি ম্যাচ
খেলেছেন।
২৯ বছর বয়সী এই পেসার ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর
ঘোষণার সময় বলেছিলেন, ‘আমি এখন ক্রিকেট ছাড়ছি। কারণ, আমাকে মানসিকভাবে
অত্যাচার করা হয়েছে। আমি মনে করি এই অত্যাচার সহ্য করার ক্ষমতা আমার নেই।
২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত আমি অনেক অত্যাচার সহ্য করেছি। পিসিবি আমার
পেছনে অনেক বিনিয়োগ করেছে বলেও আমাকে অত্যাচার করা হয়েছে।’
অবসর নেওয়ার
সময় আমির ধন্যবাদ দিয়েছিলেন নাজাম শেঠিকে। সে সময় ধন্যবাদ দিয়েছিলেন শহীদ
আফ্রিদিকেও। তখন তিনি বলেছিলেন ওয়াকার ইউনুস ও মিসবাহ-উল-হক চলে গেলে আমি
আবার ফিরবো। অবশ্য এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডে ব্যাপক রদবদল হলেও আমির
ফিরেননি। আর সেটার কারণ ছিল ফিক্সারদের বিরুদ্ধে রমিজ রাজার কঠোর অবস্থান।
এখন তিনিও সরে দাঁড়ালে আমিরের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ আরও উন্মুক্ত
হবে।