কামিন্স-ব্র্যাথওয়েটকে হারিয়ে মার্চের সেরা বাবর
Published : Tuesday, 12 April, 2022 at 12:00 AM
মার্চ
মাসের সেরা ক্রিকেটার (পুরুষ) হওয়ার লড়াইয়ে ছিলেন পাকিস্তানের বাবর আজম,
ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্র্যাথওয়েট ও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তবে
কামিন্স-ব্র্যাথওয়েটকে পেছনে ফেলে এই পুরস্কার জিতে নিয়েছেন পাকিস্তান
অধিনায়ক বাবর আজম।
গত মাসে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এই
পুরস্কার জিতেছেন পাক অধিনায়ক। মার্চে বাবর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে
দুর্দান্ত খেলেছেন।
তিন টেস্টের সিরিজে দলকে জেতাতে না পারলেও টেস্টে
মার্চে তিনি করেছেন ৩৯০ রান। এর মধ্যে ১৯৬ রানের মহাকাব্যিক একটি ইনিংসও
ছিল। আর মাসের শেষদিকে দুটি ওয়ানডেতে তিনি করেছেন যথাক্রমে ৫৭ ও ১১৪ রান।
অন্যদিকে,
মেয়েদের মাসসেরা হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার রাচেল হেইনেস। মার্চে আট
ম্যাচে ৪২৯ রান করেছেন হেইনেস। দলকে ওয়ানডে বিশ্বকাপ জেতাতে বড় অবদান
রেখেছেন তিনি। মার্চে ৬১.২৮ গড় ও ৮৪.২৮ স্ট্রাইক রেটে রান তুলেছেন এই
ওপেনার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৩০ ও
সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেন ৮৫ রান।