গেতাফেকে হারিয়ে লিগ শিরোপা জয়ের পথে রিয়াল
Published : Monday, 11 April, 2022 at 12:00 AM
শনিবার
রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে গেতাফেকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
জয়সূচক গোল দুটি করেছেন কাসেমিরো ও লুকাস ভাস্কুয়েজ। প্রথম লেগে এই গেতাফের
কাছেই ১-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। ৩১ ম্যাচে ২২ জয় ছয় ড্র এবং চার
হারে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান আরও মজবুত করল রিয়াল মাদ্রিদ। সমান
ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১৪তম অবস্থানে গেতাফে। দ্বিতীয় অবস্থানে থাকা
বার্সেলোনার পয়েন্ট ২৯ ম্যাচে ৫৭। চেলসিকে হারিয়ে আসা আত্মবিশ্বাসে ভরপুর
রিয়াল লিগেও পেল দারুণ জয়। ঘরের মাঠে গেতাফের বিরুদ্ধে জয়ে এগিয়ে গেল লিগ
শিরোপা জয়ের পথে। প্রথমার্ধে প্রতিপক্ষকে আক্রমণে কোণঠাসা করার পর
দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়েছে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের ৩৮
মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। কাসেমিরোর গোলে এগিয়ে যায় লস
ব্লাংকোরা। ভিনিসিয়ুসের তুলে দেওয়া বলে দুরের পোস্টে ডাইভিং হেডে জাল খুঁজে
নেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।
৬৮ মিনিটে লুকাস ভাস্কুয়েজের গোলের
ব্যবধান বাড়ায় রিয়াল মাদ্রিদ। ডান দিকে রদ্রিগোকে বল বাড়িয়ে বক্সে ঢুকে
পড়েন ভাস্কুয়েজ। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সেই ভাস্কুয়েজের পায়ে বল ঠেলে দিলে
নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ের শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই
ফুটবলার। বাকি সময়ে আর ঘুরে দাড়াতে পারেনি গেতাফে। রিয়ালও পারেনি ব্যবধান
বাড়াতে।