বিরাট কোহলির ভারতের টেস্টের নেতৃত্ব ছাড়ার আকস্মিকতায় গোটা ভারত প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল। এখনও সেই ঘোর কাটেনি। সাবেক ক্রিকেটাররা বিভিন্ন মন্তব্য করছেন বিরাট কোহলির টেস্ট দলের নেতৃত্ব ছাড়া নিয়ে। এবার সেই বিষয় নিয়ে কথা বললেন অস্ট্রেলিয়ার সাবেকঅধিনায়ক রিকি পন্টিংও। কোহলি টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার খবর বাকিদের মতো তাঁকেও বিস্মিত করেছে।
অবশ্য সাবেক এই অজি ক্যাপ্টেনের বিস্মিত হওয়ার কারণও রয়েছে। সেই কথাই পন্টিং জানিয়েছেন এক সাক্ষাৎকারে। ২০২১ সালের আইপিএলের প্রথম পর্বে কোহলির সঙ্গে কথা হয়েছিল সাবেক এই অজি তারকার। সেই সময়ে পন্টিংকে কোহলি বলেছিলেন, তিনি সাদা বলের নেতৃত্ব ছেড়ে দেবেন। তার পরিবর্তে টেস্টের নেতৃত্বের উপরে জোর দেবেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে কোহলি বোমা ফাটান। তিনি জানিয়ে দেন, তিনি টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন।
পন্টিং সাক্ষাৎকারে বলেছেন, কোহলির টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তে তিনি অবাক হয়েছেন। সাক্ষাৎকারে বিশ্বজয়ী পন্টিং বলেন, আইপিএলের প্রথম পর্বের (২০২১) সময়ে কোহলি আমাকে বলেছিল সাদা বলের নেতৃত্ব ছেড়ে দেবে। তার পরিবর্তে টেস্ট দলের নেতা হিসেবে কাজ চালিয়ে যাবে। তার সঙ্গে কথায় বুঝেছিলাম, টেস্ট দলের নেতৃত্ব নিয়ে কোহলি ভীষণ রকমের আবেগপ্রবণ। ভারতীয় টেস্ট দল কোহলির নেতৃত্বে অনেক কিছু অর্জন করেছে।
পন্টিং আরও বলেন, আমি অবাকই হয়েছিলাম। কিন্তু পরে আমি নিজের সময়ে অধিনায়ক থাকার কথা চিন্তা করছিলাম। আমি মনে করি আরও কয়েকবছর খেলতেই পারতাম। আরও কয়েকবছর আমি নেতৃত্ব দিতেই পারতাম দলকে।
পন্টিংয়ের বক্তব্য, ভারতকে নেতৃত্ব দেওয়া সবথেকে কঠিন। যুক্তি দিয়ে প্রাক্তন অজি ক্যাপ্টেন বলছেন, ভারতের ক্যাপ্টেন হিসেবে সাত বছর কাজ করেছে কোহলি। আমার মনে হয় ভারতকে নেতৃত্ব দেওয়া সবথেকে কঠিন কাজ। কারণ এই খেলাটা ভারতে সবচেয়ে জনপ্রিয় এবং প্রতিটি ভারতীয় দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ভয়ংকর রকমের কৌতূহলী।
উল্লেখ্য, কোহলির নেতৃত্বে টেস্ট ক্রিকেটে ভারতীয় দল দাপটই দেখিয়েছে। ৬৮টি টেস্ট ম্যাচের মধ্যে ৪০টি টেস্ট ম্যাচে জিতেছে কোহলির ভারত। পন্টিং বলেন, বিরাটের নেতৃত্বের আগে ঘরের মাঠে বেশি ম্যাচ জিতেছে ভারত। কিন্তু বাইরের মাঠে গিয়ে সেভাবে জিতত না। কোহলি নেতা হওয়ার পরে বিদেশের মাটিতে গিয়ে ম্যাচ জিতেছে ভারত। এর জন্য কোহলি এবং তার সতীর্থরা গর্বিত হতেই পারে।