বরিশালের দারুণ জয়
Published : Wednesday, 2 February, 2022 at 12:00 AM
রান তাড়ায়
শুরুতে ধাক্কা খেয়েছিল চট্টগ্রাম। প্রথম ওভারেই স্কোরবোর্ডে কোনো রান যোগ
হওয়ার আগে মুজিব উর রহমানের ঘূর্ণিতে লেগ বিফোরের ফাঁদে পড়েন উইল জ্যাকস
(০)। এরপর দারুণ ব্যাটিং শুরু করেন অপর ওপেনিংয়ে প্রমোশন পাওয়া আফিফ হোসেন
এবং তিন নম্বরে প্রমোশন পাওয়া শামীম হোসেন। এই জুটি ভাঙতে চতুর্থ ওভারে
বোলিংয়ে আনা হয় ক্রিস গেইলকে।
টানা তিন ওভার করে ক্যারিবিয়ান
পার্টটাইমার দেন ২৫ রান। অবশেষে আফিফ হোসেনকে বোল্ড করে ৬০ বলে ৭০ রানের এই
জুটি ভাঙেন সাকিব আল হাসান। আউট হওয়ার আগে আফিফ খেলেন ৩২ বলে ৩ চার ২
ছক্কায় ৩৯ রানের ইনিংস। এরপর সাকিব-মুজিবের যৌথ স্পিন আক্রমণে হঠাৎই
চট্টগ্রামের ব্যাটিংয়ে ধস নামে। ১ উইকেটে ৭০ থেকে ৭ উইকেটে ৯৬ হয়ে যায়
তাদের স্কোর। চ্যাডউইক ওয়ালটন (১৬), নাঈম ইসলাম (০), বেনি হাওয়েল (১), আকবর
আলী (০) কেউই রুখে দাঁড়াতে পারেননি। ১৯.৪ ওভারে ১৩৫ রানে গুটিয়ে যায়
চট্টগ্রাম। সাকিবের বরিশাল ম্যাচ জিতে নেয় ১৪ রানে।
এর আগে টস জিতে
ব্যাটিংয়ে নেমে ১৯.১ ওভারে ফরচুন বরিশাল থেমেছে ১৪৯ রানে। টস জিতে
ব্যাটিংয়ে নামা তাদের শুরুটা ভালো হয়নি। দলে সুযোগ পেয়ে কাজে লাগাতে
পারেননি মুনিম শাহরিয়ার। দলীয় ২ রানে তাকে ফেরান শরীফুল ইসলাম। এরপর ৩৮ বলে
৪২ রানের জুটি গড়েন ক্রিস গেইল এবং নাজমুল হোসেন শান্ত। ক্যারিবিয়ান দানব
গেইল ধীরে সুস্থেই শুরু করেছিলেন। তৃতীয় ওভারে উইল জ্যাকসকে লং অফ দিয়ে
উড়িয়ে হাত খোলেন। পরের দুই ওভারে এই ইংলিশ অফস্পিনারকে আরও দুটি ছক্কা ও
১টি চার মেরে তার বলেই মিরাজের তালুবন্দি হয়ে ১৯ বলে ২৫ রানে থামেন
ইউনিভার্স বস। এরপর নাজমুলের সঙ্গে অধিনায়ক সাকিবের ৩১ রানের জুটিটা জমে
গিয়েছিল। আফিফ হোসেনের বলে ২৯ বলে ২৮ রান করা শান্ত আকবার আলীর গ্লাভসবন্দি
হলে থামে সেই জুটি।
সাকিব খেলতে থাকেন আপন মেজাজে। তার সঙ্গী তৌহিদ
হৃদয়। অন্যদিকে বল হাতে ধ্বংসাত্মক হয়ে ওঠেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ৩০ বলে ৩টি
করে চার-ছক্কায় ফিফটি পূরণ করা সাকিবকে পরের বলেই বিদায় করে মৃত্যুঞ্জয়
শিকার ধরা শুরু করেন। সেটি ছিল ১৭তম ওভার। ফিরতি ওভারে এসে প্রথম বলেই তুলে
নেন নুরুল হাসান সোহানকে (০)। পরের বলটিতে উইকেট আসেনি। তবে সেই ওভারের
তৃতীয় ও চতুর্থ বলে ইরফান শুকুর (৫) এবং মুজিব উর রহমানকে (১) ফিরিয়ে দেন
মৃত্যুঞ্জয়। ২ ওভারে মাত্র ৬ রান খরচায় তার শিকার ৪টি। ১৯.১ ওভারে ১৪৯
রানেই থেমে যায় বরিশালের ইনিংস। আরেক পেসার শরীফুল ইসলাম ২.১ ওভার বল করে
মাত্র ৯ রানে নিয়েছেন ২ উইকেট।