কুমিল্লা সদর, চৌদ্দগ্রাম ও ব্রাহ্মণপাড়ায় ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বর
Published : Thursday, 11 November, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে কুমিল্লার আদর্শ সদর, চৌদ্দগ্রাম ও ব্রাহ্মণপাড়া উপজেলার ২৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৩ ডিসেম্বর। বুধবার (১০ নভেম্বর) নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার ৪র্থ ধাপের এই ধাপে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
চুতর্থ ধাপে ভোটগ্রহণ হতে যাওয়ার কুমিল্লার তিন উপজেলার ২৬টি ইউনিয়ন হচ্ছে- আদর্শ সদর উপজেলার কালির বাজার, দুর্গাপুর (দক্ষিণ), দুর্গাপুর (উত্তর), আমড়াতলী, পাঁচথুবি ও জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ। ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর, শিদলাই, চান্দলা, শশীদল, দুলালপুর, ব্রাহ্মণপাড়া সদর, সাহেবাবাদ ও মালাপাড়া ইউনিয়ন পরিষদ এবং চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর, উজিরপুর, কালিকাপুর, শ্রীপুর, শুভপুর, ঘোলপাশা, মুন্সিরহাট, কনকাপৈত, বাতিসা, চিওড়া, গুণবতী ও জগন্নাথদিঘি ইউনিয়ন পরিষদ।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২৫ নভেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।
জানা গেছে, গতকাল একই সঙ্গে দেশে ৮৪০ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। একই সঙ্গে ভোট হবে নবম ধাপের তিন পৌরসভাতেও।
এর মধ্যে চতুর্থ ধাপে ৩৩ ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট নেওয়া হবে। বাকিগুলোয় ভোট নেওয়া হবে প্রচলিত ব্যালট পেপারে। এছাড়া পৌরসভার ভোটও ইভিএমে হবে। টেকনাফ, রায়পুরা ও আটঘরিয়া এই তিনটি পৌরসভার ক্ষেত্রেও মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় একই রকম রাখা হয়েছে বলে জানান ইসি সচিব।
দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। ধাপে ধাপে ভোটের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে নির্বাচন উপযোগী সব ইউপির ভোট শেষ করার পরিকল্পনা করেছে ইসি। প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউপির ভোট হবে ১১ নভেম্বর। তৃতীয় ধাপে ১০০৩ ইউপির ভোট হবে ২৮ নভেম্বর। চতুর্থ ধাপের ভোট হবে ৮৪০ ইউপিতে ২৩ ডিসেম্বর।