
বরিশালের উজিরপুর উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবার মৃত্যুর ১০ দিন পর বিপ্লব তালুকদার (৩৭) নামে এক যুবক মারা গেছেন। ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৭ আগস্ট) দুপুর ১টা ১০মিনিটে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, গত ২৯ জুলাই সকাল ৭টার দিকে জমি নিয়ে বিরোধের জেরে উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের নুরুল ইসলাম সেপাইর নেতৃত্ব ৩০ থেকে ৩৫ জন ধারালো অস্ত্র, টেটা ও লাঠি নিয়ে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের জমি দখল করতে যায়। বিষয়টি টের পেয়ে দেলোয়ার, তার তিন ছেলে ও পুত্রবধূ বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। দেলোয়ারকে কুপিয়ে-পিটিয়ে হত্যা এবং তার তিন ছেলে টেটা বিদ্ধ ও কুপিয়ে জখম করে তারা।
বিষয়টি নিশ্চিত করে বিপ্লবের মামা সিরাজুল হক বলেন, ঘটনার দিন রাতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বিপ্লবকে ঢাকায় পাঠানো হয়। পরদিন ভোরে তাকে পঙ্গু হাসপাতালে ভর্তির পর পায়ে গেঁথে থাকা টেটা অপারেশনের মাধ্যমে বের করা হয়। এরপরও বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাত থাকায়, তিনি ক্রমাগত অসুস্থ হতে থাকেন। পরে শনিবার দুপুরে মারা যান।
হামলার ঘটনায় গত ৩১ আগস্ট নিহত দেলোয়ারের আরেক ছেলে তরিকুল ইসলাম জুয়েল তালুকদার বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। তাদের মধ্যে চার জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শেদ বলেন, বিপ্লবকে ঢাকার শাহাবাগ থানার অধীনে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করার পর বাড়িতে নিয়ে আসা হবে। এ হত্যা মামলায় এজাহারভুক্ত ২৮ আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।