
স্টাফ রিপোর্টার।। কুমিল্লায় আরো ৪০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২৯ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ১১ নম্বর ওয়ার্ডে ২ জন, ১৩ নম্বর ওয়ার্ডে ২ জন, ২, ৩, ৪, ৬, ৯, ১০ ও ১৫ নম্বর ওয়ার্ডে ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এই ২৯ জনের নমুনা কুমিল্লা সিটি করপোরেশন সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছিল। ৩ এপ্রিল পরীক্ষার পর ৪ এপ্রিল রিপোর্ট প্রদান করা হয়। কুমিল্লা মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবে এ নমুনাগুলো পরীক্ষা করা হয়।
এ দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে সংগ্রহ করা নমুনার মধ্যে ১০ জনের করোনা পজেটিভ এসেছে। সেখান থেকে ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। কুমিল্লা মেডিক্যাল কলেজ থেকে করা নমুনা পরীক্ষায় ২ জন চিকিৎসকসহ ৪ জনের নমুনায় করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। উপজেলাগুলোর মধ্যে দাউদকান্দিতে ২ জন, দেবীদ্বারে ২ জন, মুরাদনগরে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্য দিকে বিদেশ যাত্রীদের মধ্যে আজও ১০ জনের করোনা পজেটিভ এসেছে।