ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনায় আক্রান্তের তালিকায় কুমিল্লার ভিআইপিরা
Published : Sunday, 4 April, 2021 at 12:00 AM, Update: 04.04.2021 12:40:21 AM
করোনায় আক্রান্তের তালিকায় কুমিল্লার ভিআইপিরামাসুদ আলম।।
করোনা আক্রান্তের তালিকা থেকে বাদ পড়েনি কুমিল্লার রাজনীতিবিদ, চিকিৎসক, জনপ্রতিনিধিসহ বিশিষ্টজনেরাও। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সাধারণ মানুষের আক্রান্তের পাশাপাশি ভিআইপিরা আক্রান্ত হচ্ছেন। এতে করে রাজনীতিবিদ, চিকিৎসক ও জনপ্রতিনিধিদের মধ্যে বেড়েই চলছে উদ্বেগ-উৎকন্ঠা।      
তবে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে ভিআইপিরা স্ব স্ব অবস্থানে কর্মকা- চালালে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যাবে এমনটাই মত করোনা চিকিৎসকদের।
এদিকে গত কয়েকদিনে দেশের বিশিষ্ট আইনজীবী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান আবদুল মতিন খসরু এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে হাসপাতালের কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তার ভাই কুমিল্লা বারের সাবেক সভাপতি এড. আবদুল মোমিন ফেরদৌস জানান, ‘তিনি এখনও ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে একটি পরীক্ষায় করোনা নেগেটিভ  এসেছে।’
অপরদিকে সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কুমিল্লার দাউদকান্দির কৃতি সন্তান ড. খন্দকার মোশাররফ হোসেন সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত তার ব্যক্তিগত সহকারী আক্তার হোসেন।    
এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জের কৃতি সন্তান কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিমও করোনায় আক্রান্ত হয়েছেন।  তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
করোনা আক্রান্তে চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে লাকসাম পৌরসভা বিএনপি সদস্য সচিব তাজুল ইসলাম খোকন জানান, ‘কর্নেল আজিমের ঢাকায় তার বাসার পাশে একটি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। ’
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কুমিল্লার সভাপতি ডা. মোসলেহ উদ্দিন আহমেদ করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছে।
অপরদিকে কুমিল্লার দ্বিতীয় ঢেউয়ে লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের করোনায় আক্রান্ত হয়েছে।
এছাড়া কুমিল্লা কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুর কাদের মনি করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি মোবাইল ফোনে জানান, করোনায় আক্রান্ত হয়ে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। সেই সাথে তিনি তার ওয়ার্ডবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও জেলার সাবেক সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, ‘ভিআইপিরা জনগণের সাথে তাদের সেবার একটি সম্পর্ক রয়েছে। তাই তাদের উচিত স্বাস্থ্যবিধি মেনে কমপক্ষে ৪ ফিট দূরত্ব অবস্থান করে প্রয়োজনীয় কাজ সেরে ফেলা। সেই সাথে মাস্ক ব্যবহারে উদাসীন হওয়া যাবে না।’
তিনি আরও জানান, ‘এখন যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তারা এক-দুইদিনের মধ্যে একেবারেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। তাই তাদেরকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করতে হয়। এই জন্য হাসপাতালগুলোতে শয্যা ও আইসিইউ বেড বাড়াতে হবে।’
ডা. মুজিবুর রহমান বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ বেশ তীব্রতর। তাই নমুনা সংগ্রহ ও পরীক্ষার বাড়াতে হবে। তাহলে আমরা প্রকৃত চিত্র পেয়ে যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে পারবো।’  

উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ২৬জনসহ গত ২৪ ঘন্টায় আরও ৩৮জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া নতুন করে আরও দুই জনের মৃত্যু হয়েছে।
কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কুমিল্লায় গত ২৪ ঘন্টায় নতুন ৩৮জনসহ কুমিল্লা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৪০ জন। মোট মৃত্যু হয়েছে ২৯৮ জনের।