
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকা থেকে ইভটিজিং করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত হলেন- নওগার ধামুরহাট থানার অর্জুনপুর এলাকার ধায়ের উদ্দিনের ছেলে জুয়েল রানা (২৭)।
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, জুয়েল রানা গতকাল শনিবার (৩ এপ্রিল) বিকেলে কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় কারখানার শ্রমিক রিনা আক্তারকে ইভটিজিং করছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে। পরে রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ইভটিজিং বিষয়টি প্রমাণিত হওয়ায় জুয়েল রানাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী জানান, বিভিন্ন সময় ওই নারীকে উত্যক্ত করায় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।