ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘কুমিল্লা ডার্বি’ জিতলো বসুন্ধরা
বসুন্ধরা কিংস ৪ : মোহামেডান ১
জহির শান্ত ও তানভীর দিপু ||
Published : Tuesday, 2 February, 2021 at 12:00 AM, Update: 02.02.2021 1:14:24 AM
‘কুমিল্লা ডার্বি’ জিতলো বসুন্ধরাবিপিএল ফুটবলে দুই দলেরই হোমগ্রাউন্ড কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। গতকাল সোমবার এই মাঠে মোহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে ‘কুমিল্লা ডার্বি’ জিতে নিলো বসুন্ধরা কিংস। মোহামেডানের বিপক্ষে একে একে ৪টি গোল দেয় কিংসরা। খেলার পুরো সময়ে একটি মাত্র গোল শোধ করে মোহামেডান। ৪-১ গোলের বড় জয় পায় বসুন্ধরা কিংস। প্রথমার্ধে টানটান উত্তেজনা থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতে তৃতীয় গোলের পরই কমতে থাকে কুমিল্লা স্টেডিয়ামে ধর্মসাগরপ্রান্তের গ্যালারিজুড়ে থাকা মোহামেডানের সাপোর্টাররা। শেষ পর্যন্ত বসুন্ধরার পক্ষে ডার্বি উপভোগ করলো সার্কিটহাউজ প্রান্তের গ্যালারিভর্তি কিংস সাপোর্টাররা।  
গত ম্যাচে আবাহনীর বিরুদ্ধে যে মোহামেডানকে দেখা গিয়েছিলো, আজকের (সোমবার) ম্যাচে সেই তারা যেন অনেকটাই দুর্বল। অন্যদিকে বসুন্ধরা কিংসের ফুটবলাররা খেলেছে ঠা-া মাথায়; অপরাজিত থাকার চাপে থেকেও ৪-১ গোলে জিতে নিলো ডার্বি। মাঠে আধিপত্য রেখেই বসুন্ধরা বড় জয় তুলে নিয়েছে। তাদের চারটি গোলই এসেছে আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ান ফুটবলারদের কাছ থেকে। আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরা জোড়া গোল পেয়েছেন। আর দুই ব্রাজিলিয়ান রবিনিয়ো ও ফের্নান্দেজ করেছেন একটি করে গোল। বিপরীতে মোহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান আবিওয়ালা নুরাত।
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিলো বসুন্ধরা। দ্বিতীয়ার্ধে চেপে খেলার চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি মোহামেডান। বরং আরো ২ গোল হজম করতে হয়েছে তাদের। ‘কুমিল্লা ডার্বি’ জিতে লীগের শুরু থেকে এখনো পর্যন্ত অপরাজিত রইলো বসুন্ধরা।
খেলার শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে বসুন্ধরা। মোহামেডানের ডিফেন্সে ফাটল ধরিয়ে ১০ মিনিটেই এগিয়ে যায় কিংসরা। ফের্নান্দেসের ক্রসে চিলিয়ান ফরোয়ার্ড রাউল বেসেরা হেডে প্রথম গোল করেন। গোল শোধে মরিয়া মোহামেডান ২২ মিনিটে  আতিকুজ্জামানের থ্রো ইন আনিসুর রহমান জিকো ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ডি-বক্সের জটলার ভেতর থেকে দারুণ টোকায় ল্যভেদ করেন আবিওলা নুরাত।
আবার প্রথমার্ধের শেষ দিকে রবসন দি সিলভা রবিনিয়োর দুর্দান্ত কিকে প্রথমার্ধে এগিয়ে থাকে বসুন্ধরা। ৬ গোল নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে বিশ্বনাথকে বল পাস দিয়ে একছুটে ডি-বক্সে ঢুকে যান ফের্নান্দেস। বিশ্বনাথের ফিরতি ক্রস নিয়ন্ত্রণে নিয়ে মাপা শটে ল্যভেদ করেন ফের্নান্দেসই। ৮১ মিনিটে বেসেরার পেনাল্টি কিক পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ালে বসুন্ধরার বড় জয় নিশ্চিত হয়।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলের এবারের আসরকে ঘিরে ফুটবলের উৎসব জমেছে কুমিল্লা স্টেডিয়ামে। বিশেষ করে দেশীয় ফুটবলের শক্তিশালী দল বসুন্ধরা কিংস এবং ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং কাব কুমিল্লা স্টেডিয়ামকে হোম ভেন্যু করায় এ উৎসবে যোগ হয়েছে বাড়তি মাত্রা। প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা যায় উপচে পড়া দর্শক। মাঠে এসে দেশি-বিদেশি খেলোয়াড়দের ফুটবল নৈপুণ্য উপভোগ করছেন কুমিল্লাবাসী। ঢাক-ঢোল-বাদ্য বাজিয়ে করছেন আনন্দ-উল্লাস। হৈ-হুল্লোড় আর করতালি দিয়ে উৎসাহ জোগাচ্ছেন সমর্থকদলের খেলোয়াড়দের।
তবে উৎসবের সকল মাত্রা ছাড়িয়ে গেলো সোমবারের ম্যাচে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বসুন্ধরা-মোহামেডান ‘ডার্বি’ ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির হয়েছেন অংসখ্য দর্শক। খেলা শুরুর ঘণ্টাখানেক আগে থেকেই স্টেডিয়ামে ঢুকতে শুরু করেন কুমিল্লা ও আশপাশের জেলা থেকে আসা নানা বয়সী দর্শক। স্টেডিয়ামে ফুটবলপ্রেমীদের এমন সরব উপস্থিতি দেখে একটা সময় মনে হয়েছে যেন গ্যালারিতে ‘তিল ঠাঁই আর নাহিরে’। দর্শক সারিতে সরব উপস্থিতি ছিল নারী-শিশুদেরও।