ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সব গোল বিদেশীদের
Published : Tuesday, 2 February, 2021 at 12:00 AM, Update: 02.02.2021 1:13:59 AM
সব গোল বিদেশীদেরবিপিএল ফুটবলে এবারের মৌসুমে কুমিল্লা ডার্বি দাপুটে লড়াইয়ে জিতে নিলো অস্কার ব্রুজেনের বসুন্ধরা কিংসরা। কোচ শন লেনের মোহামেডানকে ৪-১ গোলে হারিয়েছে ক্যাপ্টেন তপু বর্মনের কিংসরা। দুই দলেরই ঘরের মাঠ কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গতকালের ম্যাচে ৫টি গোলই করলো বিদেশীরা।  বসুন্ধরা কিংসের হয়ে দু’টি গোল করেন আর্জেন্টিনার বংশোদ্ভুত চিলির ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা। অপর দু’টি গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবসন রবিনিয়ো এবং জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেস। অপরদিকে মোহামেডানের হয়ে একমাত্র গোলটি করেছেন নাইজেরিয়ান মিডফিল্ডার আবিওলা নুরাত। এপর্যন্ত ৬ টি গোল করে লীগে এখনো সর্বোচ্চ গোলদাতা রবসন রবিনিয়ো। আর টানা পাঁচ জয়ে বসুন্ধরা কিংসের পয়েন্ট ১৫। অন্যদিকে পাঁচ ম্যাচে দ্বিতীয় হারে মোহামেডানের পয়েন্ট ৫।  
খেলায় মোহামেডানের ডিফেন্সে ফাঁটল ধরিয়ে ১০ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা । ফের্নান্দেসের ক্রসে চিলিয়ান ফরোয়ার্ড রাউল বেসেরা হেডে প্রথম গোল হজম করে মোহামেডান। গোল শোধে মরিয়া মোহামেডান ২২ মিনিটে  আতিকুজ্জামানের থ্রো ইন আনিসুর রহমান জিকো ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ডি-বক্সের জটলার ভেতর থেকে দারুণ টোকায় লক্ষ্যভেদ করেন আবিওলা নুরাত।
আবার প্রথমার্ধের শেষ দিকে রবসন দি সিলভা রবিনিয়ো দুর্দান্ত ফ্লিকে প্রথমার্ধে এগিয়ে থাকে বসুন্ধরা। ৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে বিশ্বনাথকে বল পাস দিয়ে এক ছুটে ডি-বক্সে ঢুকে যান ফের্নান্দেস। বিশ্বনাথের ফিরতি ক্রস নিয়ন্ত্রণে নিয়ে মাপা শটে লক্ষ্যভেদ করেন ফের্নান্দেসই।
৮১ মিনিটে বেসেরার পেনাল্টি কিক পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ালে বসুন্ধরার জয় নিশ্চিত হয়।ডি-বক্সে চিলির এই ফরোয়ার্ডকে জাফর ইকবাল ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।