পাকিস্তানের বিপক্ষেও খেলা হচ্ছে না সাইফউদ্দিনের
Published : Saturday, 30 October, 2021 at 12:00 AM
বাংলাদেশের
চোট আক্রান্ত বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের বিশ্বকাপ শেষ হয়েছে
আগেভাগে। পিঠের চোটের কারণে চলমান বৈশ্বিক আসর থেকে ছিটকে যান। বিশ্বকাপ
শেষ হওয়ার পর পরই পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও খেলা হচ্ছে না তার।
নভেম্বরে
বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে পাকিস্তানের বিপক্ষে।
ঢাকায় ১৯, ২০ ও ২২ নভেম্বর হবে তিনটি টি-টোয়েন্টি। এই সিরিজটি সাইফউদ্দিনকে
ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এই
তথ্য নিশ্চিত করেছেন। স্ট্রেস ফ্র্যাকচার থেকে সেরে উঠতে পুনর্বাসন শুরুর
আগে অন্তত এক মাস সাইফউদ্দিনকে বিশ্রামে থাকতে হবে বলে তিনি জানান।
দেবাশীষ বলেছেন, ‘তার (সাইফউদ্দিন) একটি স্ট্রেস ইনজুরি হয়েছে। এক মাসের বিশ্রাম শেষে তিনি তার পুনর্বাসন কর্মসূচি শুরু করবেন।’
বৃহস্পতিবার
আমিরাত থেকে ঢাকায় ফিরেছেন সাইফউদ্দিন। বিশ্বকাপে দলের সঙ্গে থাকতে না
পারার কষ্টে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে নারাজ ছিলেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচে ২৪ বছর বয়সী অলরাউন্ডার পিঠের বাঁ পাশে ব্যথার কথা জানান সাইফউদ্দিন।