শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩
পাঁচ জেলায় সাংগঠনিক পদে রদবদল করল বিএনপি
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ১২:৩৫ পিএম |

পাঁচ জেলায় সাংগঠনিক পদে রদবদল করল বিএনপিবিএনপির পাঁচ জেলা কমিটির কয়েকটি সাংগঠনিক পদে রদবদল ও কয়েকটি পদে ভারপ্রাপ্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল রবিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রদবদলের বিষয়টি জানানো হয়। 

এতে জানানো হয়, গত ৬ ডিসেম্বর টাঙ্গাইল জেলার মির্জাপুর পৌরসভা বিএনপির সভাপতি আলী মিয়া অসুস্থ থাকার কারণে তার পরিবর্তে সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন আলী মিয়া সুস্থ হওয়ায় পুনরায় তাকে (স্বপদে) সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি আব্দুস সালামকে চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুস সালাম জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিমের সঙ্গে আলোচনার ভিত্তিতে রাজনৈতিক কর্মসূচির সমন্বয় করবেন।

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসানকে চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির সহসমন্বয়ক করা হয়েছে।

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহামুদুল হক শানু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. এম কিবরিয়া স্বপন কারাগারে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২