টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল পাবে ১৬ কোটি টাকা
Published : Saturday, 1 October, 2022 at 12:00 AM
দুয়ারে কড়া নাড়ছে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর মাত্র ১৫ দিন! তার পরেই ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে গড়াবে ধুমধাড়াক্কা ক্রিকেটের জমজমাট আসর। শুক্রবার ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের মহাযজ্ঞ শুরুর আগে আইসিসি জানিয়ে দিলো, দলগুলোর কী পরিমাণ অর্থযোগ হতে যাচ্ছে।
৫৬ লাখ ডলার বা ৫৬ কোটি ৫ লাখ ২৬ হাজার টাকার এই টুর্নামেন্টে বিজয়ী দল পাবে ১.৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৬ কোটি এক লাখ ৫০ হাজার টাকার কিছু বেশি। রানার্সআপ দল পাবে তার অর্ধেক।
আয়োজকরা হেরে যাওয়া সেমিফাইনালিস্টকেও হতাশ করছে না। তারা পাবে ৪ লাখ ডলার বা ৪ কোটি ৩৭ হাজার টাকার কিছু বেশি।
সুপার টুয়েলভ থেকে ছিটকে পড়া দলগুলো পাবে ৭০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৭০ লাখ ৬ হাজার টাকার বেশি। এই পর্বে জয়ী দল প্রতিটি ম্যাচ জয়ের জন্য পাবে ৪০ হাজার ডলার। আগের আসরেও প্রতিটি দলকে এই পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৪০ লাখ টাকার কিছু বেশি। প্রথম পর্বেও ম্যাচ জয়ের জন্য দেওয়া হবে একই পরিমাণ অর্থ। এই পর্বে ছিটকে যাওয়া চারটি দলকেও আইসিসি হতাশ করছে না। তাদের ভাগ্যে জুটবে ৪০ হাজার ডলার।