ব্রাহ্মণপাড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Published : Monday, 26 September, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রসাশনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবাগত ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, থানা অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির চৌধুরী, মাধপপুর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন শহিদল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সুমন সহকারী সমাজসেবা অফিসার মোঃ আসাদুল্লা হাসান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা বলেন, এবছর সরকার প্রতিটি পূজামণ্ডপের জন্য ৫ শত কেজি করে চাল পদান করেছেন। এছাড়া পূজা মন্ডপগুলোতে শারদীয় দুর্গাপূজা যথাযথ ধর্মীয় মর্যাদায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দ মন্দিরে পূজা উদযাপনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
সভায় আরও জানানো হয় প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসাতে হবে। যে সকল পূজামণ্ডপে এখনো সিসি ক্যামেরা লাগানো হয়নি পূজা শুরুর পূর্বে সিসি ক্যামেরা লাগানোর জন্য নির্দেশ প্রদান করা হয়।
থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করাসহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্রাহ্মণপাড়া শাখার সভাপতি সঞ্জীব কুমার দেব, সাধারণ সম্পাদক কিশোর কুমার দাস, সাংগঠনিক সম্পাদক কাজল সরকার, বিভিন্ন পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।