ফেনী-ছাগলনাইয়া সড়কের ফেনী পলিটেনিক ইনস্টিটিউটের সামনে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার করেছে ডিবি পুলিশ।এ ঘটনায় ইউপি সদস্যসহ চারজনকে আটক করা হয়েছে। রোববার ভোরে তাদের আটক করা হয়।
আটক রাধানগর ইউপির মোকামিয়া পূর্ব মধুগ্রাম ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন অভি ও মৃত শরিয়ত উল্যাহর ছেলে, তার সহযোগী নুর আলম তুষার চৌধুরী একই এলাকার আজিজুল হক চৌধুরীর ছেলে, কাভার্ডভ্যান চালক শাহাদাত হোসেন একই এলাকার আবুল বশরের ছেলে এবং চালকের সহযোগী আবদুল হালিম দক্ষিণ আঁধার মানিক এলাকার আবু তাহেরের ছেলে। রাতেই জেলা গোয়েন্দা পুলিশের এসআই সোহেল কামাল বাদী হয়ে থানায় মামলা করেছেন।
ফেনী জেলা ডিবি পুলিশের পরিদর্শক শাহ্ মো. ফয়সাল আহম্মেদ জানান, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পলিটেনিক ইনস্টিটিউটের সামনে ডিবি পুলিশের একটি দল অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি সাদা রংয়ের কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশী করলে ৮ লাখ ১০ হাজার টাকার ৫১৫টি ভারতীয় শাড়ি ও ৭ লাখ ১২ হাজার টাকার ২৭০টি লেহেঙ্গা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে মোকামিয়া এলাকার নুরে আলমের ছেলে জাহাঙ্গীর আলম ও চট্টগ্রামের সাতকানিয়া এলাকার আবদুল মজিদের ছেলে মুন্নার কাছ থেকে ভারতীয় কাপড় সংগ্রহ করে। তারা অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে ফেনী শহর ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রি করেন।