ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জেলেদের চাল আত্মসাতের মামলায় কারাগারে চেয়ারম্যান
Published : Monday, 25 July, 2022 at 12:00 AM
জেলেদের চাল আত্মসাতের ঘটনায় করা মামলায় চাঁদপুর সদর উপজেলার  কল্যাণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটোয়ারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (২৪ জুলাই) দুপুরে আদালতে হাজির হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান।
আসামিপক্ষের আইনজীবী আহসান হাবিব বলেন, ?‘জেলেদের ৫৩ দশমিক ৬৮০ টন চাল আত্মসাতের মামলার প্রধান আসামি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন। রবিবার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত।’
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজিত রায় চৌধুরী বলেন, ‘চাল আত্মসাতের মামলায় দুপুরে আদালতে জামিন চান চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
গত ১৮ মে কল্যাণপুর ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ করতে গিয়ে কম পান মৎস্য কর্মকর্তা। পরে বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ এবং খাদ্যগুদাম সিলগালা করে দেয় পুলিশ। ওই ঘটনার পর থেকে গা ঢাকা দেন চেয়ারম্যান শাখাওয়াত। এ ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান।