ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার রেকর্ড গড়া জয়
Published : Saturday, 11 June, 2022 at 12:00 AM
সিরিজে প্রথম টি-টোয়েন্টিতেই স্বাগতিক ভারতকে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। গতকাল বৃহস্পতিবার রাতের ওই ম্যাচে ২১১ রান করেও জিততে পারেনি ঋষভ পন্থের ভারত। সেইসঙ্গে থেমেছে তাদের টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ২০৬ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
সেটাই ছিল নিজেদের ইতিহাসে তাদের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড। গতকাল প্রোটিয়াদের জয় এসেছে ৭ উইকেটে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২১১ রান। ওপেনার ঈশান কিশান এবং রুতুরাজ গায়কোয়াড় প্রথম ৬ ওভারে ৫১ রান তোলেন। রুতুরাজ ২৩ রান করেন। অন্য ওপেনার কিশান করেন ৭৬ রান। শ্রেয়স আয়ার চার নম্বরে নেমে করেন ৩৬ রান। অধিনায়ক পন্থ ২৯ রান করেন। শেষ বেলায় হার্দিক পান্ডিয়া করেন ১২ বলে ৩১ রান। সেই সময় ভারতের জয় সহজ হবে বলেই মনে করেছিলেন অনেকে। কিন্তু প্রতিপক্ষ দলে যে ডেভিড মিলার আছেন!
রান তাড়ায় নেমে ওভারপ্রতি দশের ওপর রান তুলতে থাকে দক্ষিণ আফ্রিকা। ওপেনার টেম্বা বাভুমা মাত্র ১০ রানে আউট হলেও দ্রুত রান তুলছিলেন কুইন্টন ডি’কক। তিনি ২২ রান করেন। ১৩ বলে ২৯ রান করে দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে রাখেন ডোয়েন প্রিটোরিয়াস। বাকি কাজটা সারেন 'কিলার' মিলার এবং ভ্যান ডার ডুসেন। ২৫ বলে ২২ রান করার পর ডুসেনের ব্যাট ভেঙে যায়। ব্যাট বদলাতেই বদলে যায় তাঁর ভাগ্য। পরের ১৬ বলে ৪৪ রান করেন তিনি। মিলার ৩১ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন।