রশিদের ঘূর্ণিতে ধোলাই হলো জিম্বাবুয়ে
Published : Saturday, 11 June, 2022 at 12:00 AM
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ছাড়ল আফগানিস্তান। সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে পরাজিত করে হাসমতুল্লাহ শহিদীর দল। ৩১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তারকা লেগ স্পিনার রশিদ খান। আর তিন ম্যাচে ১৯৮ রান করে রহমত শাহ হয়েছেন সিরিজ সেরা।
হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। তারা ৪৪.৫ ওভারে মাত্র ১৩৫ রান তুলে অল-আউট হয়ে যায়। সিকান্দার রাজা দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া অভিষিক্ত ইনোসেন্ট কাইয়া ১৬, রেগিস চাকাবভা ১৫ ও রিয়ান ২১ রান করেন। রশিদ খান ৩১ রানে নেন ৩ উইকেট। ২১ রানে ২টি উইকেট নেন মোহাম্মদ নবি। ২৫ রানে ২টি উইকেট ঝুলিতে পুরেছেন ফজলহক ফারুকি।
জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৩৭.৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তুলে ম্যাচ জিতে যায়। হাশমতউল্লাহ শাহিদি ৩৮ রান করেন। মোহম্মদ নবি অপরাজিত থাকেন ৩৪* রানে। এছাড়া রহমত শাহ ১৭ এবং রশিদ খান ৬* রানে অপরাজিত থাকেন। ২টি উইকেট নেন চাতারা। উল্লেখ্য, সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৬০ রানে জয় তুলে নেয় আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে তারা ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় জিম্বাবুয়েকে।