সারাবিয়ার গোলে প্রথম জয় স্পেনের
Published : Saturday, 11 June, 2022 at 12:00 AM
অবশেষে নেশন্স লিগে প্রথম জয়ের দেখা পেল একবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এবারের আসরের প্রথম দুই ম্যাচ ড্র করা স্পেন তৃতীয় ম্যাচে এসে জয়ের হাসি হেসেছে। অবশ্য প্রথম দুই ম্যাচ হারা সুইজারল্যান্ডকে হারাতেও ঘাম ঝরেছে মোরতা-তোরেসদের।
বৃহস্পতিবার রাতে 'এ' গ্রুপের দুই নাম্বার গ্রুপের ম্যাচে স্ত্যাদ দে জেনেভে স্টেডিয়ামে সুইজারল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে স্পেন।
একমাত্র গোলটি করেছেন পাবলো সারাবিয়া। জিতলেও স্প্যানিশদের পারফরম্যান্স ছিল বিবর্ণ।
আগের দুই ম্যাচ ড্র করে আত্মবিশ্বাসের তলানিতেই ছিল স্পেন। এ ম্যাচে শুরুতেই এগিয়ে গেলেও বাকি সময়ে হতাশ করেছে লুইস এনরিকের দল। বল দখলে এগিয়ে থেকেও তেমন আক্রমণ সানাতে পারেনি তাঁরা। ৬৬ ভাগ বলের দখল নিয়ে সুইসদের পোস্টে মাত্র সাতটি শট নেয় মোরাতারা। যার তিনটি ছিল লক্ষ্যে। ম্যাচের ১৩ মিনিটে স্পেনকে এগিয়ে নেন সারাবিয়া।
তিন ম্যাচে দুই ড্র ও এক জয়ে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় অবস্থানে স্পেন। তিন ম্যাচই হেরে তলানিতে সুইজারল্যান্ড। তিন ম্যাচের দুটিতে জিতে শীর্ষে পর্তুগাল। চার পয়েন্ট নিয়ে তিনে চেল রিপাবলিক।
ফুটবলারদের ভোটে সেরা সালাহ
খেলোয়াড়দের ভোটে ২০২১-২২ মৌসুমে ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। পেশাদার ফুটবলারদের অ্যাসোসিয়েশনের (পিএফএ) এই পুরস্কার জিততে মিশরের এই ফরোয়ার্ড পেছনে ফেলেছেন চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন, ক্রিস্তিয়ানো রোনালদো, হ্যারি কেন,সাদিও মানেকে।
দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন সালাহ। এর আগে ২০১৭-১৮ মৌসুমে খেলোয়াড়দের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।
এই পুরস্কার জিততে পেরে খুশি সালাহ। বলেছেন,'একটি ট্রফি জেতা সবসময় গর্বের। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এটা আমার জন্য দারুণ ও বিশেষ, কারণ খেলোয়াড়রা আমাকে নির্বাচিত করেছে। '
সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগে যৌথভাবে ২৪ গোল করে গোল্ডেন বুট জেতেন সালাহ। সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের হয়ে ৫১ ম্যাচে ৩১ গোলে পাশাপাশি করেছেন ১৫ অ্যাসিস্ট। এফএ কাপ ও লিগ কাপ জিতলেও দলকে জেতাতে পারেননি প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা।