ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অনলাইনে মোবাইল বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা
Published : Saturday, 4 June, 2022 at 9:49 PM
অনলাইনে মোবাইল বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণাপুরান ঢাকার সূত্রাপুরের মো. সহিদ ফেসবুকে মোবাইল ফোন বিক্রির একটি বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হন। দর-দাম করে তা কেনার পর সেটি তার ঠিকানায় পাঠানো হয়েছে জানিয়ে কুরিয়ার সার্ভিসের বুকিং রশিদ পাঠানো হয় হোয়াটসঅ্যাপে। এরপর নিয়ম অনুযায়ী সহিদ বিক্রেতাকে টাকাও পাঠান। সেই বুকিং রশিদ নিয়ে কুরিয়ার সার্ভিসে যাওয়ার পর বুঝতে পারেন, প্রতারকের খপ্পরে পড়েছেন তিনি।

শুধু সহিদই নন, অনলাইনে বাহারি বিজ্ঞাপন দেখে মোবাইল ফোন সেট কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন শত শত মানুষ।

সম্প্রতি সেই প্রতারণা চক্রের হোতা আসাদুল ইসলামকে গ্রেফতারের পর এসব তথ্য বেরিয়ে আসে। তিনি মাদরাসায় শিক্ষকতার আড়ালে এমন প্রতারণা করতেন বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।

শুক্রবার (৩ জুন) রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (৪ জুন) সন্ধ্যায় অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. নাজমুল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, আসাদুল প্রথমে অন্যের নামে নিবন্ধন করা সিমকার্ড সংগ্রহ করেন। পরে ওই সিমের নাম্বার ব্যবহার করে বিক্রয়ডটকমসহ এ ধরনের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে মোবাইল বিক্রির বিজ্ঞাপন দেন। ক্রেতারা বিজ্ঞাপন দেখে তা কেনার আগ্রহ দেখালে অগ্রিম কিছু টাকা নিয়ে নেন আসাদুল। পরে কুরিয়ার সার্ভিসের ভুয়া বুকিং রশিদ বানিয়ে তা ক্রেতাকে হোয়াটসঅ্যাপে পাঠান। ক্রেতাও সেই রশিদ দেখে পুরো টাকা পাঠানোর পর প্রতারক আসাদুল নিজের মোবাইল ফোন বন্ধ করে দেন।

সাইবার পুলিশের এই কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আসাদুলকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে পাওয়া গেলে এ পর্যন্ত কত লোকের কাছ থেকে এভাবে টাকা হাতিয়েছেন তিনি তা জানা যাবে।

অনলাইনে কেনাকাটার বিষয়ে নানা পরামর্শ দিয়ে এডিসি নাজমুল হক বলেন, ক্যাশ-অন ডেলিভারির মাধ্যমে পণ্য গ্রহণ করলে এ ধরনের প্রতারণা এড়ানো অনেকটাই সম্ভব। এছাড়া নানা বিজ্ঞাপনে অবাস্তব দরদাম এড়িয়ে চলা এবং দ্রুত অর্থ পরিশোধের শর্তগুলোও এড়িয়ে চলা উচিত।