কুমিল্লার দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন কমল কৃষ্ণ ধর (বিপি৮৪১০১৩০০৮৮)। শনিবার সকালে তিনি দেবিদ্বার থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দেবিদ্বার থানার বিদায়ী পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মারুফ রহমান নবাগত ওসি কমল কৃষ্ণ ধরকে দায়িত্ব বুঝিয়ে দেন। এছাড়াও একই থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেন খাদেমুল বাহার বিন আবেদ। কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের একটি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, নবাগত ওসি কমল কৃষ্ণ ধর সর্বশেষ কুমিল্লা কোতয়ালী মডেল থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বিন আবেদ কুমিল্লা লাইনওয়ারে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, ওসি কমল কৃষ্ণ ধর ২০০৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সয়েল সাইন্স বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষ করেন। পরে ২০১০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের কোর্সে মাস্টার্স ইন পুলিশ সাইন্স ডিগ্রী অর্জন করেন। পরে ২০১২ সালে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় উপ-পরিদর্শক পদে (এসআই) কর্মজীবন শুরু করেন। এরপর চট্টগ্রামের হাটহাজারী থানায় আরও দুই বছর উপ-পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৯ সালে পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে প্রথমে কুমিল্লা সদর দক্ষিণ থানায় যোগদান করেন। সেখানে দুই বছর দায়িত্ব পালন শেষে ২০২১ সালে পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় যোগ দান করেন। সর্বশেষ তিনি ২০২২ সালের ৪ জুন পদোন্নতি পেয়ে দেবিদ্বার থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। নবাগত ওসি কমল কৃষ্ণ ধর রাঙামাটি জেলা কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার বাসিন্দা। এর আগে নবাগত ওসি ও পুলিশ পরিদর্শককে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, সদ্য বিদায়ী পুলিশ পরিদর্শক মো. মারুফ রহমান, এসআই মো. শামীম মোল্লা, এসআই মো. নাজমুল হাসান, মো. মিজানুর রহমানসহ দেবিদ্বার থানার পুলিশ সদস্যরা। দেবিদ্বার থানার নবাগত ওসি কমল কৃষ্ণ ধর বলেন, কুমিল্লার মান্যবর পুলিশ সুপারের আর্দশে অনুপ্রাণিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমি সকলের সহযোগিতা চাই। দেবিদ্বারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন ও মাদক, সন্ত্রাস, অপরাধমুক্ত রাখতে কাজ করে যাব। প্রসঙ্গত, দেবিদ্বার থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানকে লক্ষীপুর জেলায় বদলি করা হয়েছে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মারুফ রহমান পদোন্নতি পেয়ে বুড়িচং থানায় অফিসার ইনচার্জ ওসি হিসেবে যোগদান করেছেন।