Published : Saturday, 4 June, 2022 at 12:00 AM, Update: 04.06.2022 12:45:47 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে প্রচার-প্রচারণার
সপ্তম দিনে এসে প্রার্থীতা ফিরে পেয়েছেন আরো দুই কাউন্সিলর প্রার্থী।
প্রার্থীতা বাতিল হওয়ার পর ফিরে পাওয়ার আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ শুনানী
প্রার্থীতা ফিরে পান তারা। ইতোমধ্যে প্রতীক বরাদ্দ পেয়ে তারা শুরু করেছেন
প্রচারণা। প্রার্থীতা ফিরে পাওয়া দুইজন হলেন নগরীর ২ নং ওয়ার্ডের কাউন্সিলর
প্রার্থী মোঃ বিল্লাল এবং ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম
আজাদ (হাসেম)।
প্রার্থীতা ফিরে পাওয়া ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ
বিল্লাল বলেন, আমার নমিনেশন কাগজপত্রে ব্যাংকিং কার্যক্রমে ত্রুটি খুঁজে
পায় নির্বাচন কমিশন। তাই আমার প্রার্থীতা বাতিল করে। পরে আমি নির্দিষ্ট
সময়ে আপিল করি। চট্টগ্রাম পবিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আমার
প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। আমি করাত প্রতীকে নির্বাচন করছি।
অপরদিকে
নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে প্রার্থীতা ফিরে পেয়ে আবুল কালাম আজাদ (হাসেম)
মিষ্টি কুমড়া প্রতীক বরাদ্দ পেয়েছেন। তিনি বলেন, ঋণ খেলাপী বলে আমার
প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। পরে আমি আপিল করে প্রার্থীতা ফিরে
পেয়েছি। এখন পুরোদমে প্রচারণা করছি।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে
কুমিল্লা সিটি কর্পোরেশন রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী
বলেন, আপিল করে আরো দুইজন কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে
পেয়েছেন। তাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এ নিয়ে নগরীর ২৭ টি ওয়ার্ডে
সাধারণ কাউন্সিলর প্রার্থী সংখ্যা দাঁড়ালো ১০৮ জনে। এছাড়াও নির্বাচনে
সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে ৩৬ জন এবং মেয়র পদে ৫ জন প্রার্থী
প্রতিদ্বন্দ্বীতা করছেন।