
পাঁচ জেলায় বুধবার (১ জুন) সড়ক দুর্ঘটনায়
১১ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৬ জন। নিহতদের মধ্যে রাজবাড়ীতে
ছয়জন, খুলনায় দুইজন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম, রংপুর ও লক্ষ্মীপুরে একজন
করে মারা যান।
জানা যায়, রাজবাড়ীতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারের
সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতদের মধ্যে একই
পরিবারের পাঁচজন রয়েছেন।
বুধবার (১ জুন) সকাল পৌনে ৯টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী চাঁদপুর ফায়ার স্টেশনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা
হলেন- পাংশা পুইজোরের অটোরিকশার চালক নাসির (৩২), একই এলাকার মরিয়ম (৪০),
মসিরন বিবি ( ৬০), তার নাতি ইউসুফ আলী (৫), নয়ন (৮) ও নাতনি শিলা।
জানা
গেছে, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে
রাজবাড়ীগামী অটোরিকশা ও একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায়
অটোরিকশাটি। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী এবং কালুখালী উপজেলা
হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন নিহত হন।
রাজবাড়ী সদর ফায়ার স্টেশন
কর্মকর্তা সরাজ মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার
কাজ শুরু করেন। প্রাথমিকভাবে জানতে পেরেছেন নিহতরা সবাই অটোরিকশায় ছিলেন।
খুলনার
ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও ভ্যানের ওপর উঠে যায় একটি
যাত্রীবাহী বাস। এসময় তিনটি গাড়ি খাদে পড়ে যায়। এতে দুজন নিহত এবং আহত
হয়েছেন অন্তত ১২ জন। বুধবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গুটুদিয়া
এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার বাসিন্দা ও
ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আলী ওসমান (৩২) ও ডুমুরিয়া উপজেলার
বাসিন্দা দিন মজুর আব্দুল খালেক (৬৫)।
চট্টগ্রামের লোহাগাড়ায় সবজিবোঝাই
একটি পিকআপের ধাক্কায় সাইফুল ইসলাম (২২) নামের এক সাইকেল আরোহী যুবকের
মৃত্যু হয়েছে। বুধবার (১ জুন) বেলা ১১টার দিকে লোহাগাড়ার চুনতি সরকারি
মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ওই এলাকার আদর্শপাড়ার ফয়েজ
আহমদের ছেলে।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন পিকআপচালক নুরুন্নবী ওরফে
সোহেলকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে। আটক নুরুন্নবী চট্টগ্রাম মহানগরীর
ষোলকবহর এলাকার নুর মোহাম্মদের ছেলে।
রংপুরে ডাক্তার দেখাতে যাওয়ার সময়
ট্রাকের চাপায় বিথী বেগম নামে এক নারী (২২) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন
তার স্বামী মাহমুদ শাহ রফিক (২৭) ও ছেলে রাইয়ান (৪ মাস) আফসান মনজিল।
বুধবার (১ জুন) বেলা সোয়া ১১টার দিকে রংপুরের গঙ্গাচড়ায় উপজেলার আলমবিদিতর
ইউনিয়নের বড়াইবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরে ট্রাকচাপায়
মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুন) সন্ধ্যায় লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কের কাচারিবাড়ি
এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের
নতুন বেড়ির মাথার এলাকার নূর আলমের ছেলে। পেশায় তিনি ব্যবসায়ী।