দেবিদ্বারে গণডাকাতি বন্ধ ও পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন
Published : Thursday, 2 June, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারে আইনশৃঙ্খলা অবনতি ও গণডাকাতি বন্ধ ও জরুরি নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন করেছে উপজেলার ভানী ইউনিয়নের সাহারপাড়, সূর্যপুর, কুটুম্বপুর, মীরগঞ্জসহ অত্র এলাকার সাধারণ মানুষ। বুধবার বিকাল ৪টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সাহারপাড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, এ এলাকার বেশির ভাগ মানুষ কৃষক ও খেটে খাওয়া শ্রমজীবী। এখানেই বারবার গণ ডাকাতিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। অপরাধ বন্ধে পুলিশের কোন ভূমিকা নেই। একের পর এক এমন ঘটনা ঘটছে। থানা থেকে ভানীর দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। অপরাধ সংঘটিত হওয়ার পর পুলিশকে জানালেও পুলিশ ঘটনাস্থলে আসতে আসতে সময় লাগে প্রায় দুই ঘন্টা। ততক্ষণে অপরাধীরা পালিয়ে যায়। আমরা দ্রুত এ এলাকায় একটি পুলিশ ফাঁড়ি চাই।
ভানী ইউনিয়নে পুলিশ ক্যাম্পের দাবি জানিয়ে হাজী জালাল বলেন, এখানে আগামী এক সপ্তাহের মধ্যে একটি পুলিশ ক্যাম্প চাই, এর যাবতীয় খরচ আমি বহন করব, তবুও এ এলাকার মানুষের মনে শান্তি ফিরিয়ে দিন। এখানকার মানুষ শান্তি প্রিয়। এই শান্তির জায়গায় প্রতি রাতেই ছিনতাই, ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। এসব ঘটনায় মামলা হলেও অপরাধীরা ধরা পড়ছে না। গত রোববার রাতে ডাকাতরা অস্ত্র ঠেকিয়ে খন্দকার বাড়ির চারটি ঘরে গণ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের হামলা শিকার হয়েছেন নারী-পুরুষসহ ১০-১২জন। যারা এ কাজ করেছে সেই অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ সদস্য ও জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে করে বক্তারা বলেন, ভানী ইউনিয়ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীমান্তবর্তী এলাকা হওয়ায় অপরাধীরা দ্রুত পালিয়ে যেতে পারে, এখানকার মানুষ সব সময় নিরাপত্তাহীনতায় ভোগছে। মাদক, সন্ত্রাস, ছিনতাই, গণডাকাতির মত ঘটনা ঘটছে এলাকায়। দয়া করে এ এলাকার মানুষের পাশে দাঁড়ান। আমাদের জান-মালের নিরাপত্তার ব্যবস্থা করুন।
মো. মহিউদ্দিন সরকারের পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সমাজসেবক ও ভানী চেয়ারম্যান প্রার্থী মো. হাজী জালাল উদ্দিন ভূঁইয়া, গোফরানুল কারিম, হানিফ খান, ইউপি সদস্য আবদুল আউয়াল, আজহারুল ইসলাম ভূঁইয়া, শ্রমিক নেতা মমতাজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, মো.কামরুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে সভাপতিত্ব করেন জহিরুল ইসলাম ভূঁইয়া।
দ্রুত ভানী ইউনিয়নে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানানো হয় মানববন্ধনে। এসময় আরও উপস্থিত ছিলেন সৈয়দ মোশারফ হোসেন, সফিউল্লাহ, ফরিদ মিয়া মেম্বারসহ ৪/৫ গ্রামের কয়েক হাজার মানুষ।