দাউদকান্দি পৌর ভবনে স্থাপিত ড. মোশাররফের ম্যুরাল উদ্বোধনী নামফলক ভাংচুর
Published : Tuesday, 19 April, 2022 at 12:00 AM, Update: 19.04.2022 1:42:21 PM
স্টাফ রিপোর্টার।। দাউদকান্দি পৌর ভবনে স্থাপিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেনের ম্যুরাল, ভিত্তি প্রস্তর ও উদ্বোধনী নামফলক দুর্বৃত্তরা ভাংচুর করেছে। এই ঘটনায় বিএনপি নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে পৌর ভবনে স্থাপিত ড.খন্দকার মোশাররফ হোসেনের ম্যুরাল, ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী নামফলক কতিপয় দূর্বৃত্ত শাবল দিয়ে খুচিয়ে ভেঙে ফেলেছে। মুহূর্তে এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়ে যায়। এঘটনায় বিএনপি নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তি দাবি করেছেন।
১৯৯৫ সালে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দি সদর দক্ষিণ ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করেন। ২০০১-০৬ মেয়াদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী থাকাকালে ড. খন্দকার মোশাররফ হোসেন পৌরভবন নির্মাণ করেন। তৎকালীন মেয়র মরহুম নাসিরউদ্দিন আহমেদ সরকার পৌরসভার প্রতিষ্ঠাতা ড.খন্দকার মোশাররফ হোসেনের প্রতি সম্মান দেখিয়ে ভবনে তাঁর একটি ম্যুরাল স্থাপন করেন।
ভাংচুরের ঘটনায় ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন এক ভিডিও বার্তায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বর্বরোচিত ও ন্যাক্কারজনক এই ঘটনার সাথে আওয়ামীলীগ জড়িত। আমি তাদের গ্রেফতার ও শাস্তি দাবি করছি।