‘কেমন আছো’- মোস্তাফিজকে ওয়ার্নার
Published : Monday, 11 April, 2022 at 12:00 AM
সানরাইজার্স
হায়দরাবাদে একসঙ্গে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান ও ডেভিড ওয়ার্নার। দুজনের
ব্যক্তিগত রসায়ন শিরোপা জিততে অসামান্য ভূমিকা রেখেছিল। আইপিএলে এই জুটিকে
আবার দেখা যাচ্ছে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে। রবিবার অনুশীলনে যাওয়ার
আগে এই দুজনের পারস্পরিক মিথস্ক্রিয়ার একটি মুহূর্ত ভাইরাল হয়েছে
নেটদুনিয়ায়। টিম বাসে উঠে মোস্তাফিজকে বাংলায় অভিবাদন জানিয়ে চমকে দিয়েছেন
ওয়ার্নার।
দুই তারকার সেই মুহূর্তের ভিডিও টুইটারে আপলোড করেছে দিল্লি
কর্তৃপক্ষ। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মোস্তাফিজের সঙ্গে টিম বাসে দেখা হতেই
চেঁচিয়ে উঠে ওয়ার্নার বলেন, ‘হ্যালো বাডি, হাউ আর ইউ? কেমন আছো? আমি
তোমাকে ভালোবাসি...।’
সানরাইজার্স হায়দরাবাদে থাকতেই দুজনের মধ্যে বেশ
ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। মোস্তাফিজের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে নিজেই
বাংলা শেখার চেষ্টা করেন ওই সময়। বাংলা যে মোটামুটি ভালোই শিখেছেন, সেটা
তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলো দেখলেই জানা যায়।
মোস্তাফিজকে অভিবাদন জানানোর পাশাপাশি দিল্লি-কলকাতা ম্যাচের আগে কেকেআর ফ্যানদেরও হয়তো মন জয় করার চেষ্টা করেছেন ওয়ার্নার!
এমনিতে
অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নারের ভারতে বড় একটি ফ্যান বেজ
রয়েছে। ওয়ার্নার শুধুই ব্যাট হাতে ঝড় তোলেন না, সোশাল মিডিয়ায় নানা ধরনের
পোস্টেও চার-ছক্কা হাঁকান অবলীলায়। সব সামাজিক মাধ্যম, যেমন- ফেসবুক,
টুইটার, ইনস্টাগ্রাম, টিকটকসহ অন্য মাধ্যমগুলোতেও বেশ অ্যাক্টিভ থাকেন
তিনি। সোয়াপিং অ্যাপের মাধ্যমে অভিনেতাদের মুখের আদল নিজের মুখে বসিয়ে নেন
তো কখনও ইনস্টাগ্রামে নেচে-গেয়ে মাতিয়ে তোলেন সমর্থকদের। অবশ্য এই ভিডিও
আরও বলে দিচ্ছে, কেবল হিন্দি নয় বাংলাও তার কাছে খুব প্রিয়। মোস্তাফিজের
সঙ্গে বাংলায় কথা বলায় সেটাই তো প্রমাণ হয়!