কুমিল্লায় উচ্চমূল্যে সার কিনছে কৃষকরা
Published : Friday, 1 April, 2022 at 12:00 AM
মোঃ ফেরদৌস মাহমুদ মিঠুঃ
কুমিল্লার সর্বত্রই সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকায় কৃষকদের মাঝে সার বিক্রির অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদ করলে পাচ্ছেনা সার। এঅবস্থায় অতিরিক্ত দামে সার ক্রয় করছেন কৃষকরা। অতিরিক্ত মূল্যে বিক্রি ঠেকাতে কৃষি সম্প্রসারণ বিভাগকে নির্দেশনা দেওয়া হলেও তারা ডিলারদেরকে দোকানে সরকার নির্ধারিত মূল্য লালসালু কাপড়ে সাদা রং দিয়ে লিখে দিয়েই দায়িত্বে ইতি টেনেছেন।
সরেজমিন ও মাঠ পর্যায়ে তথ্যে জানা যায়, শীতকালীন ফসল উৎপাদন শেষে এখন কৃষকরা নতুন করে ফসল লাগিয়ে পরিচর্যার পাশাপাশি সার-কীটনাশক প্রয়োগ করেছেন। দেশে এই সময়টাতেই তুলনামুলক সারের চাহিদাও বেশি।
কৃষকরা জানান, সরকারিভাবে সকল প্রকার সারের বাজার মূল্য নির্ধারণ করে সেটা ডিলাররা তাদের বিক্রয় কেন্দ্রে লাল কাপড়ে লিখে ঝুলিয়ে রাখলেও প্রতিটি সার কেজি প্রতি ৪/৫ টাকা থেকে ১০/১২ টাকা অতিরিক্ত নিচ্ছে ডিলাররা বা সাব ডিলাররা। গত ২০ ফেব্রুয়ারি দেবিদ্বারের সুবিল বাজারে অতিরিক্ত মূল্য নেয়ার প্রতিবাদে কৃষকরা বিক্ষোভ মিছিল করেছে। কুমিল্লার বিভিন্ন উপজেলার কৃষকদের সাথে কথা বলেও মিলেছে অতিরিক্ত মূল্যে সার ক্রয়ের প্রমাণ।
উপজেলার বিভিন্ন বাজার ঘুরে পাওয়া তথ্যে জানা যায়, সরকার ৫০ কেজি ওজনের প্রতি বস্তা ইউরিয়া ৮শ’ টাকা, টিএসপি ১১শ’ টাকা, পটাশ ৭৫০ টাকা, ড্যাপ ৭৫০ টাকা নির্ধারণ করলেও এই মুহূর্তে প্রতিটি বাজারে ৮শ’ টাকার ইউরিয়া এক হাজার থেকে ১১শ’ টাকা, ৭৫০ টাকার পটাশ ১ হাজার টাকায়, ১১শ’ টাকার টিএসপি ১৫শ’ থেকে ১৬শ’ টাকায়, সাড়ে ৭শ’ টাকার ড্যাপ একহাজারের বেশি টাকায় বিক্রি হচ্ছে। প্রতিবাদ করলে সার সংকট বা সরবরাহে ঘাটতির কথা জানাচ্ছেন ডিলাররা। এতে উৎপাদন স্বাভাবিক রাখতে কৃষকরা বাধ্য হয়েই অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হচ্ছেন।
তবে বিষয়টি জানতে চাইলে কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, জেলায় সার সরবরাহে ঘাটতি নাই। সরকার নির্ধারিত ডিলারদের কাছে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করেছে। অতিরিক্ত মূল্যে যেন কেউ সার বিক্রি করতে না পারে সেজন্য প্রতিটি উপজেলা কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। যা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়ার কথাও জানান। এছাড়াও তিনি আরো জানান, গত ১৯ ফেব্রুয়ারি বুড়িচংয়ে ৫ জন ডিলারকে ১ লাখ ৭০ হাজার টাকা, ২১ ফেব্রুয়ারি দেবিদ্বারে একজন ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তবে অতিরিক্ত মূল্যে ডিলারদের সার বিক্রির বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা সার ডিলার সমিতির সভাপতি লক্ষণ সাহা বিষয়টি স্বীকার করে জানান, সার সরবরাহে পরিবহন খরচের কারণে জেলা প্রশাসকের মৌখিক অনুমতিক্রমে ২ টাকা কেজি প্রতি বেশী নেওয়া হচ্ছে।
উল্লেখ্য মাঠ পর্যায়ে ঘুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার, দুর্গাপুর, বুড়িচংয়ের ময়নামতি সাহেবের বাজার, দেবপুর, কংশনগর, নিমসার, ব্রাহ্মনপাড়া সদর, মালাপাড়া, শশীদল, চান্দলা, সিদলাই, দেবিদ্বারের সুবিল বাজার, মুরাদনগরের শ্রীকাইল, লালমাইয়ের বাগমারা, চৌদ্দগ্রামের মিয়াবাজার, হাড়িসর্দার, বাবুর্চিবাজার, ছপুয়া নাঙ্গলকোটের ঢালুয়া, বক্সগঞ্জ, বাঙ্গড্ডা, মকরমপুরসহ একাধিক বাজার ঘুরে দেখা গেছে সরকারি খুচরা মূল্য প্রতি কেজি ইউরিয়া ১৬ টাকার স্থলে ২০/২২ টাকা, ১৫ টাকার পটাশ ২০ টাকা, ১৫ টাকার ড্যাপ ২০ টাকায়,২২ টাকার টিএসপি ২৮/৩৩ টাকায় বিক্রি হচ্ছে।