করোনা রোগীর শতভাগ এখন অমিক্রন সংক্রমিত
Published : Monday, 7 March, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: দেশে এখন করোনায় যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের সবাই অমিক্রন ধরনে সংক্রমিত হচ্ছেন। অন্য ধরনগুলোর উপস্থিতি আর নেই। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অন্তর্র্বতীকালীন প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। গত ১ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ করা নমুনার জিনোম সিকোয়েন্সিং (জিন নকশা উন্মোচন) করে এ প্রতিবেদন তৈরি হয়েছে। আজ রোববার এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
দেশের ৫ বিভাগের করোনায় আক্রান্ত রোগীদের শরীর থেকে সংগ্রহ করা ৭৪টি নমুনার জেনোম সিকোয়েন্স থেকে এ তথ্য পাওয়া গেছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ থেকে নমুনা নিয়ে এ গবেষণা পরিচালনা করা হয়।
গবেষণায় দেখা গেছে, ওই রোগীদের ১০০ শতাংশই অমিক্রণে সংক্রমিত। তাঁদের মধ্যে ৯৬ শতাংশ অমিক্রনের ‘বিএ.২’ উপধরন ও বাকি ৪ শতাংশ ‘বিএ.১’ উপধরনে আক্রান্ত।
এর আগে গত জানুয়ারি মাসে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮০ শতাংশের শরীরে অমিক্রন ধরন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল আইইডিসিআর। এ সময় বাকি ২০ শতাংশের শরীরে পাওয়া যায় ডেলটার ধরন।
গত বছরের ৯ ডিসেম্বর বাংলাদেশে দুজন নারী ক্রিকেটারের শরীরে প্রথম অমিক্রন ধরন পাওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ওই দুজন জিম্বাবুয়ে থেকে ফিরেছিলেন। পরে তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
দ্রুততার সঙ্গে ছড়ানো অমিক্রনের দাপটে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই দেশে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে আশঙ্কাজনক হারে। ফেব্রুয়ারিতে তা আবার কমতে শুরু করে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী ছড়ানো করোনার সাতটি ধরনের মধ্যে পাঁচটিকে উদ্বেগজনক বলে মনে করে। আইইডিসিআরসহ চার প্রতিষ্ঠান দেশে এই ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করেছে।
বাকি তিন প্রতিষ্ঠান হলো আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি), ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইদেশি) ও চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ)। সিকোয়েন্স করা ৭৪টি নমুনার মধ্যে ৪৭টিই ঢাকার। বাকিগুলো চার বিভাগের।