ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রত্যেক মুক্তিযোদ্ধার কবর হবে একই ডিজাইনে: মুক্তিযুদ্ধমন্ত্রী
Published : Monday, 7 March, 2022 at 12:00 AM
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, প্রত্যেক মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনে বানানো হবে। যাতে ৫০ বছর পরও সবাই বলতে পারে এটা একজন বীর মুক্তিযোদ্ধার কবর।
রোববার দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অডিটোরিয়ামে ‘জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠান’-এ অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন।
সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে কুয়েট এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন।   
মুক্তিযুদ্ধ-বিষয়কমন্ত্রী বলেন, ২৬ মার্চ থেকে প্রত্যেক মুক্তিযোদ্ধার পরিচয়পত্র বিশেষ বারকোড দিয়ে প্রদান করা হবে। যাতে কেউ জালিয়াতি করতে না পারে। বীর মুক্তিযোদ্ধাদের বিনা পয়সায় সরকারি হাসপাতালে পুরো চিকিৎসা ব্যয় বহন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা আর্থিকভাবে অস্বচ্ছল তাদের জন্য ৩০ হাজার বাড়ি তৈরির কাজ চলছে। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে ‘বীরগাথা’ নামের ডকুমেন্টরি তৈরি করা হবে। যেখানে রেকর্ডকৃত থাকবে সকল মুক্তিযোদ্ধাদের বক্তব্য, স্মৃতিকথা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। এ ছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমান, অধ্যাপক আলমগীর কবির,  খান মোহাম্মদ আলী, এম কামাল উদ্দিন আহমেদ, গোলাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কমিটির সভাপতি প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ। উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ড. মো. আবদুল হাসিব। অনুষ্ঠানে ৪৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।