শেষ মুহূর্তের পেনাল্টিতে জিতল আবাহনী
Published : Monday, 7 March, 2022 at 12:00 AM
রোমাঞ্চকর
ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। আজ
রবিবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ড্যানিয়েল কলিন্দ্রেসের শেষ
মুহূর্তের পেনাল্টি গোলে স্বস্তির জয় পায় দলটি। এই জয়ে পয়েন্ট তালিকার
দ্বিতীয় অবস্থানে উঠে এলো আবাহনী। আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে ৩-২
গোলে হেরেছিল মারিও লেমোসের দল।
প্রথমার্ধে আবাহনীর ওপর বেশ দাপট দেখায়
সাইফ স্পোর্টিং। তবে ফরোয়ার্ডদের নিখুঁত ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি
আন্দ্রেস ক্রুসিয়ানির দল। অবশেষে ৬৯ মিনিটে সাইফকে এগিয়ে নেন এমেরি
বাইসেঙ্গে। ডান দিক থেকে জামাল ভুঁইয়ার ফ্রি কিকে দূরের পোস্টে লাফিয়ে হেডে
বল জালে জড়ান রুয়ান্ডার এই ডিফেন্ডার। ছয় মিনিট বাদেই আবাহনীকে সমতায়
ফেরান বদলি নামা ডরিয়েল্টন গোমেজ। ড্যানিয়েল কলিন্দ্রেসের কর্নারে হেডে
লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান। চলতি লিগে এটি তার ষষ্ঠ গোল।
নির্ধারিত
৯০ মিনিট শেষে যোগ করা তিন মিনিটের মাথায় কলিন্দ্রেসকে আটকাতে গিয়ে হাতে বল
লাগান বাইসেঙ্গে। পেনাল্টি পায় আবাহনী, স্পট কিকে আকাশি-নীলদের জয় নিশ্চিত
করেন ড্যানিয়েল কলিন্দ্রেস। সাত ম্যাচে পাঁচ জয়, এক ড্র ও এক হারে ১৬
পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আবাহনী লিমিটেড। সমান ম্যাচে তিন জয়, তিন হার
ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সাইফ স্পোর্টিং ক্লাব। ১৮ পয়েন্ট
নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।