Published : Wednesday, 2 March, 2022 at 12:00 AM, Update: 02.03.2022 12:51:36 AM

শাহীন আলম, দেবিদ্বার।
ঘর
পাচ্ছেন দেবিদ্বারের সেই অসহায় খাদিজা আক্তার ও তাঁর অসুস্থ বাবা। গত
মঙ্গলবার কুমিল্লায় সর্বাধিক প্রচারিত ‘দৈনিক কুমিল্লার কাগজ’র শেষ পাতায়
‘একটি ঘর চান অসহায় খাদিজা আক্তার’ নামে একটি সংবাদ ছাপানোর পর সংবাদটি
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে সংবাদটি দেবিদ্বারের
সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল’র দৃষ্টিগোচর হয়। পরে তিনি অসহায় খাদিজার
ফোন নম্বরে ফোন করে খোঁজ খবর নেন এবং নিজের অর্থায়নে অসহায় খাদিজা ও তাঁর
বাবাকে একটি ঘর উপহার দিবেন বলেন আশ্বাস দেন। মঙ্গলবার বিকালে খাদিজার
বাড়িতে সরেজমিনে গেলে খাদিজা ও তাঁর বাবাও বিষয়টি নিশ্চিত করে খাদিজা
আক্তার এ প্রতিবেদককে জানান, আমাকে নিয়ে কুমিল্লার কাগজে সংবাদ প্রকাশের পর
মঙ্গলবার বেলা ১১টার দিকে দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল
আমাকে ফোন করেন। এসময় তিনি আমার সাথে দীর্ঘক্ষণ কথা বলে আমার ও আমার
চিকিৎসার খোঁজ খবর নেন। এরপর কথা শেষে তিনি বাবার চিকিৎসা ও একটি নতুন ঘর
নির্মাণ করে দিবেন বলে আমাকে আশ্বাস দেন। খাদিজার বাবা আবুল হাশেম পেটের
ভিতরে টিউমার দেখিয়ে বলেন, একটি ঘরের জন্য বহু জায়গা গিয়েছি কেউ সহযোগিতা
করেনি। আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি।
আমি অনেক খুশি। দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল’র জন্য আমরা
দোয়া করি আল্লাহ যেন তার মঙ্গল করুন।
সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল
ক্ষুদে বার্তায় এ প্রতিবেদককে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে খাদিজার
সংবাদটি ছড়িয়ে পড়লে আমি আমার নেতা কর্মীদের সহযোগিতায় খাদিজাকে ফোন দেই।
তাঁর ও তার অসুস্থ পিতার খোঁজ খবর নিয়ে তাকে একটি ঘরসহ খাদিজার আনুসাঙ্গিক
সব বিষয়ে আমি দায়িত্ব নিয়েছি।
প্রসঙ্গত, খাদিজা আক্তারের বাড়ি পৌর
এলাকার ফতেহাবাদ চান্দার পাড় এলাকায়। তিনি মামার বাড়ির অংশ হিসেবে পাওয়া
চার শতাংশ জমিতে একটি ভাঙাচোরা ছাপড়া ঘর তুলে এতোদিন বসবাস করে আসছিলেন।