ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রোবিনহোর গোলে কিংসের জয়
Published : Tuesday, 1 March, 2022 at 12:00 AM
প্রিমিয়ার লিগে টানা পঞ্চম ম্যাচ জিতল বসুন্ধরা কিংস। আজ সোমবার কিংস এরেনায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দলের জয়সূচক গোলটি করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রোবিনহো। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল বসুন্ধরা কিংস।
ছয় ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে নেমে গেল শেখ রাসেল ক্রীড়া চক্র।
আগের চার ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে কিংস এরেনায় শুরু থেকেই রাসেলকে চেপে ধরে রোবিনহো, ইব্রাহিমরা। বেশ কয়েকবার আক্রমণে গেলেও শেখ রাসেলের গোলরক্ষক আশরাফুল রানাকে পরাস্ত করতে পারেনি। দ্বিতীয়ার্ধে গোলের খুঁজে থাকা বসুন্ধরা কিছুটা ধীরগতির খেললেও রবসন রোবিনহোর দৃঢ়তায় স্বস্তির জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।   
প্রথমার্ধে তিনবার গোলের খুব কাছে গিয়েও গোলে পরিণত করতে পারেনি কিংস ফরোয়ার্ডরা। তিনবারই প্রতিপক্ষের গোলরক্ষক আশরাফুল রানার আটকে দেয় কিংস ফরোয়ার্ডদের প্রচেষ্টা। সপ্তম মিনিটে দারুণ সুযোগ তৈরি করে বসুন্ধরা কিংস কিন্তু আশরাফুল রানার নৈপুণ্যে গোলের দেখা পায়নি। ইয়াসিন আরাফাতের তুলে দেওয়া বলে ইব্রাহিমের মাপা হেড ডান দিকে ঝাঁপিয়ে রক্ষা করেন রাসেলের অভিজ্ঞ এই গোলরক্ষক। ১১ মিনিটে আবারও শেখ রাসেলকে রক্ষা করেন আশরাফুল রানা। টাচলাইনের উপর থেকে ইব্রাহিমের কাট ব্যাক রোবিনহোর পা ছুঁয়ে বল পান সোহেল রানা, তার নেওয়া গতির শটে কোনোমতে কর্নারের বিনিময়ে বাইরে ঠেলে দেন জাতীয় দলের এই গোলরক্ষক।   
২৩ মিনিটে বক্সের বাইরে থেকে সোহেল রানার গতির শট সাইড বারের পাশ দিয়ে বাইরে চলে যায়। ৫৯ মিনিটে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য আক্রমণে যায় শেখ রাসেল। রহমত মিয়ার লম্বা থ্রো মানিক মোল্লার মাথা ছুঁয়ে চলে যায় দুরের পোস্টে থাকা মান্নাফ রাব্বির পায়ে, তার নেওয়া গতির শট দারুণ ভাবে ফিরিয়ে দেন আনিসুর রহমান জিকো, ফিরতি বলে জুয়েলের শট বাইরের জাল কাঁপায়।
৬৫ মিনিটের বাম দিক দিয়ে বল নিয়ে শেখ রাসেলের বক্সে ঢুকে বল বাড়িয়ে দেন সতীর্থের উদ্দেশ্যে, ইয়াসিন আরাফাতের পা ছুঁয়ে আবারো বল পেয়ে জোরাল শটে ক্রসবারের উপর দিয়ে মারেন বিপলু। অবশেষে ৮৩ মিনিটে ডেডলক ভাঙে বসুন্ধরা কিংস। বক্সের ভেতর রোবিনহোকে ফেলে দেন নাসিরুদ্দিন চৌধুরী, সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে গোল করে বসুন্ধরা কিংসকে এগিয়ে নেন রবসন রোবিনহো। চলতি লিগে এটি তার পঞ্চম গোল। বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি শেখ রাসেল। আগামী ৫ই মার্চ কিংস এরেনায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস।