রাশিয়াকে খেলতে হবে জাতীয় পতাকা ছাড়া
Published : Tuesday, 1 March, 2022 at 12:00 AM
রাশিয়ার
সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে চায় না পোল্যান্ড, সুইডেন ও
চেকপ্রজাতন্ত্র। ফিফার কাছে যৌথ চিঠিও দিয়েছে তিন দেশের ফুটবল
অ্যাসোসিয়েশন। ফিফাকে তাই একটা সিদ্ধান্তে আসতে হতো। সেই সিদ্ধান্তটা আজ
নিল ফিফা।
এক বিবৃতিতে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, যুদ্ধ বাঁধিয়ে দেওয়ায় রাশিয়া নামেই খেলতে পারবে না তারা।
বিশ্বকাপ
বাছাইপর্বে খেলতে হবে ‘ইউনিয়ন অব রাশিয়া’ নামে। তাই থাকবে না জাতীয় পতাকা।
ম্যাচের আগে গাওয়া যাবে না জাতীয় সঙ্গীত। নিজেদের মাটিতে খেলার কোনো সুযোগ
নেই রাশিয়ার। বাছাইপর্বের ম্যাচগুলো খেলতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। যুদ্ধের
মাঝে এটা ‘সাময়িক সিদ্ধান্ত’ ফিফার। প্রয়োজনে আরও কঠোরও হতে পারে তারা।
তবে
এমন সিদ্ধান্তেও নিরপেক্ষ মাঠে রাশিয়ার সঙ্গে না খেলার কথাই জানিয়েছে
পোল্যান্ড, সুইডেন ও চেকপ্রজাতন্ত্র। রাশিয়াকে নিষিদ্ধ না করায় ফিফার
সমালোচনাও করেছে তারা।