দশ পয়েন্ট না পেয়ে হতাশ তামিম
Published : Tuesday, 1 March, 2022 at 12:00 AM
আফগানদের হোয়াইটওয়াশ
করার মিশন নিয়ে আজ খেলতে নেমেছিল বাংলাদেশ, কিন্তু উল্টো বড় হার বরণ করে
নিল স্বাগতিকরা। কম পুঁজি নিয়ে বল করতে নেমে ক্যাচ মিসের প্রতিযোগিতায় নামে
মুশফিক-মাহমুদউল্লাহরা। তিনবার জীবন পেয়ে সেঞ্চুরি করলেন রহমানউল্লাহ
গুরবাজ। এতে ৫৯ বল বাকি থাকতেই ৭ উইকেটে জিতে সফরকারী আফগানিস্তান। এই জয়ে
ধবলধোলাই এড়ায় আফগানিস্তান। যদিও প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত
করেছিল বাংলাদেশ।
শেষ ম্যাচ হারায় এই সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট পায়নি
বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জেতায় ২০ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে
বাংলাদেশকে। এতে ম্যাচ হেরে হতাশ বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালও। তিনি
জানান, 'আজকে আমরা খুব হতাশ। এর আগে আমরা শ্রীলঙ্কার বিপক্ষেও একই অবস্থানে
ছিলাম, সেখানেও আমরা শেষ ম্যাচে জিততে পারিনি।'
তামিম আরো বলেন, 'এটা
সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা। যদিও আমরা সিরিজ জিতেছি, তবে পুরো
পয়েন্ট পাওয়াটা জরুরি ছিল। কারণ এটা ওয়ানডে সুপার লিগের অংশ।'
লিটনের
ব্যাটিং নিয়ে অধিনায়ক তামিম বলেন, 'আমরা শুরুতে ভালো খেলেছি, কিন্তু মাঝে
এসে ছন্দ হারিয়েছি। লিটনও ভুল সময়ে আউট হয়েছেন। ও ভালোই খেলেছিল এবং ফর্মে
ছিল।'
রান তাড়া করতে নেমে তিনবার জীবন পেয়ে সেঞ্চুরি করেন আফগান ওপেনার
রহমানউল্লাহ গুরবাজ। যদিও দল হারায় এটা নিয়ে কোন অজুহাত দেননি বাংলাদেশ
অধিনায়ক।
তামিম বলেন, 'কোন অজুহাত না, যখন ওরা (আফগানিস্তান) ব্যাটিং
করছিল, প্রথম ২০ ওভারে ভালো বল হচ্ছিলো। আমরা চেষ্টা করেছি এবং তারপর ম্যাচ
বেরিয়ে গেছে। গুরবাজ যেভাবে ব্যাটিং করেছে তাকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। ও
সুযোগ দিয়েছিলেন কিন্তু আমরা নিতে পারিনি।'