ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ১২ নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা
Published : Wednesday, 16 February, 2022 at 12:00 AM
মুক্তিযুদ্ধে অবদান রাখায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তালিকাভুক্ত নারী কণ্ঠযোদ্ধা, নির্যাতিতা, রণাঙ্গনের যোদ্ধাকে প্রথমবারের মতো সম্মাননা জানিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং জেলায় জেলায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মোট ৬৫৪ জন নারীকে এই সম্মাননা প্রদান করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ১২ নারী বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
ক্রেস্ট তুলে দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে বরণ করা হয় মহান স্বাধীনতা যুদ্ধের এই সৈনিকদের। বাংলাদেশের পতাকার ডিজাইন সম্বলিত মাস্ক পরিয়ে দেওয়া হয়। এ ছাড়া লাল-সবুজের উত্তরীয় পরিয়ে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
সম্মাননা পেয়েছেন- নার্গিস সুলতানা, জোবেদা খাতুন, গীতশ্রী চৌধুরী, জয়শ্রী চৌধুরী, ফুলবানু বেগম, নূরজাহান বেগম, ফরিদা বেগম, আফিয়া বেগম, রেহানা পারভীন, নার্গিস আক্তার খানম, আলেয়া বেগম ও বেলা রানী দাসকে।