রানে ফেরার বার্তাটা আগের ম্যাচেই দিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। তবে খুলনা টাইগার্সের বিপক্ষে পঞ্চাশ পেরোতে পারেননি তিনি। ধারাবাহিকত ধরে রেখে আজ (মঙ্গলবার) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ঝড় তুললেন বিশ্বসেরা এ অলরাউন্ডার, হাঁকালেন আসরে নিজের প্রথম ফিফটি।
তবু দলীয় সংগ্রহটা বড় হয়নি বরিশালের। নির্ধারিত ২০ ওভারের ৫ বল আগেই ১৪৯ রানে অলআউট হয়ে গেছে ফরচুন বরিশাল। তাদেরকে অল্পেই আটকে রাখার মূল কারিগর এবারের বিপিএলের হ্যাটট্রিকম্যান মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ। যিনি আজ ২ ওভার বোলিং করে সাকিবসহ নিয়েছেন ৪টি উইকেট।
মৃত্যুঞ্জয়ের তোপেই মূলত শেষের ১৯ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে বরিশাল। যে কারণে সাকিবের ৩১ বলে ৫০ রানের পরেও দেড়শ রান করতে পারেনি দলটি। মাঠের বাইরের নানান নাটকীয়তা ঝেড়ে মুছে জয়ে ফিরতে চট্টগ্রামকে করতে হবে ১৫০ রান।