Published : Tuesday, 1 February, 2022 at 12:00 AM, Update: 01.02.2022 1:55:30 AM

নিজস্ব
প্রতিবেদক: করোনা মোকাবেলায় কুমিল্লা পাচ্ছে আরো ২০টি আইসিইউ। করোনা শুরু
হওয়ার পর থেকে সরকারের ইমার্জেন্সি রেসপন্স এন্ড প্রিপেয়ার্ডনেস প্রকল্পের
আওতায় সারা দেশের ৪৩ টি জেলায় এবং ১০ টি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ
গুলো দেয়া হয়। এই প্রকল্পের আওতায় এসব আইসিইউ গুলো এসেছে বলে নিশ্চিত
করেছেন জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন। এর মধ্যে ১০টি কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১০ টি কুমিল্লা সদর হাসপাতালে স্থাপন করা হবে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ মহিউদ্দিন জানালেন,
কুমিল্লা মেডিকেলের প্রায় সবগুলো আইসিইউ ই এখন সচল আছে। অন্যান্যগুলোর
হাইফ্লো ন্যাজাল ক্যানোলা মজুদ আছে। সেগুলো প্রয়োজন হলেই লাগিয়ে নেয়া যাবে।
যে হারে করোনা বাড়ছে সেক্ষেত্রে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল আগে থেকেই
প্রস্তুতি নিয়ে রেখেছে।
এদিকে কুমিল্লা সদর হাসপাতালে তৈরী হচ্ছে আলাদা
আইসিইউ-সিসিইউ ইউনিট। কয়েক মাস আগে শুরু হওয়া এই ইউনিটটির কার্যক্রম শুরু
হতে আর সর্বোচ্চ দুই সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন সিভিল সার্জন। তিনি
জানান, কুমিল্লা সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডের দ্বিতীয় তলায় বিশেষায়িত এই
ইউনিটটি নির্মান কাজ শেষ পর্যায়ে। আগামী ১০-১৫ দিনের মধ্যে এই ইউনিট থেকে
আইসিইউ সেবা চালু হবে। নতুন আসা আইসিইউগুলো সেখানেই স্থাপন করা হবে।
এদিকে
গতকালও কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন দুই জন। কুমিল্লায়
একদিনে আরো ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের
হার ৩০.৯ শতাংশ। আক্রান্তদের মধ্যে ৫০ জন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার
বাসিন্দা। এছাড়াও লাকসাম উপজেলায় দ্বিতীয় সর্বোচ্চ ২৭ জন, দেবিদ্বার
উপজেলায় ২৪ জন, বরুড়া উপজেলায় ২৩ জন করোনায় আক্রান্ত হন। ৩১ জানুয়ারি
সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এসব তথ্য।