সহকর্মীর হাতে যুবক খুন
Published : Tuesday, 1 February, 2022 at 12:00 AM
বাগবিতণ্ডার জেরে চট্টগ্রাম নগরের খুলশীতে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় লালখান বাজার এলাকার সন্ধানী লাইফ ইনস্যুরেন্স ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম মাইনুল ইসলাম তন্ময় (৩৫)। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার সদর উপজেলায়। বাবার নাম এস এম কামাল উদ্দিন। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে নিহির রিসিল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মায়াঘাসি গ্রামে খারিজ সাংমার ছেলে। পেশায় বাবুর্চি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তন্ময় তিলোত্তমা টাইলস কোম্পানির হিসাব রক্ষকের দায?িত্ব পালন করে আসছিলেন। একই প্রতিষ্ঠানে বাবুর্চি হিসেবে কাজ করেন নিহির রিসিল। সন্ধানী লাইফ ইনস্যুরেন্স ভবনের তৃতীয় তলায় ভুক্তভোগী তন্ময়সহ তিলোত্তমা টাইলসের চার জন থাকতেন। তাদের দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তন্ময়কে ছুরিকাঘাত করেন নিহির।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, ‘গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে মারা যান। নানা কারণে খুনের ঘটনা ঘটতে পারে। প্রাথমিকভাবে ধারণা করছি, ব্যক্তিগত আক্রোশ থেকে রিসিল তন্ময়কে ছুরিকাঘাত করেছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’