সদ্য শেষ হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। অপর দিকে ৪৩ ভোটের ব্যবধানে পরাজিত হন প্রাক্তন সভাপতি মিশা সওদাগর। তারপরও সব ঠিক থাকলে নতুন কমিটিতে দেখা যাবে মিশাকে। আর সে বিষয়ে ইতোমধ্যে প্রস্তাবনাও দিয়েছেন কাঞ্চন।
জানা যায়, শিগগিরই নির্বাচিত নতুন কমিটির সদস্যরা শপথ নেবেন। এর পরপরই অনির্বাচিত আরও কয়েকজন উপদেষ্টা হিসেবে এই কমিটিতে যুক্ত হবেন। সেখানে রাখা হচ্ছে মিশা সওদাগরের নাম।
আজ (২৯ জানুয়ারি) সকালে কাঞ্চন নিজে থেকেই এই প্রস্তাবনা মিশাকে দিয়েছেন।
এই চিত্রনায়ক বলেন, ‘সকালে কথা হয়েছে তার সঙ্গে। সে শুভকামনা জানিয়েছে। তার কাজের বিষয়ে আন্তরিকতা আছে। আমি তাকে বলেছি, উপদেষ্টা পরিষদে তোমাকে রাখতে চাই। কারণ তোমার ভালো অভিজ্ঞতা রয়েছে। যা আমাদের কাজের জন্য দরকার।’
এদিকে নির্বাচনে সদ্য জয়ী সাধারণ সম্পাদক জায়েদ খানের জয়কে চ্যালেঞ্জ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণ।
ভোট পুনর্গণনা চেয়ে আজ (২৯ জানুয়ারি) আপিল করেছেন তিনি। এদিন বিকালে সেই ভোটগুলো আবারও গণনায় বসেছেন নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।
বিষয়টি নিয়ে কাঞ্চন বলেন, ‘কার্যকরী সদস্য বিভাগে ১০ ও সম্পাদকীয় পরিষদে ২৬টি ভোট নষ্ট হয়েছে। যা অনাকাঙ্ক্ষিত। আমরা আপিল করেছি, কীভাবে এটা নষ্ট হলো তা খতিয়ে দেখতে।’