ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চোরাই সাত মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতার
Published : Saturday, 29 January, 2022 at 12:00 AM
রাজধানীর তুরাগ এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। এসময় সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) তুরাগের ধউর বেড়িবাঁধ জসীম মিয়ার গ্যারেজের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উত্তরা গোয়েন্দা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চোর প্রতিরোধে টিমের সহকারী কমিশনার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা তুরাগের বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করি। আমরা জানতে পারি তুরাগ বেড়িবাঁধ এলাকায় কিছু চোরাই মোটরসাইকেল বিক্রি করা হবে। অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও মোটরসাইকেল চোর চক্রের মিলন বীর ও রিপন মিয়াকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই।
জিজ্ঞাসাবাদে তারা সাতটি মোটরসাইকেলের বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি জানিয়ে হাবিবুর রহমান বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের বাকিদের গ্রেফতারে অভিযান পরিচালিত হচ্ছে।’