বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা নিষিদ্ধ
Published : Tuesday, 28 December, 2021 at 12:00 AM
ফেডারেশন
কাপ ফুটবলে অংশ না নেওয়ায় বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারাকে আগামী বছরের
এই টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ ও ৫ লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ
ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি। সোমবার অনুষ্ঠিত কমিটির
সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলমান ফেডারেশন কাপের বাইলজের ধারা ১৯.৩
অনুযায়ী উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মাঠে উপস্থিত হওয়া স্বাধীনতা ক্রীড়া
সংঘকে এবং দ্বিতীয় ম্যাচে উপস্থিত আবাহনীকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করা
হয়েছে। আবাহনীর বিপক্ষে ম্যাচে মাঠেই হাজির হয়নি উত্তর বারিধারা ক্লাব ও
স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে ম্যাচে হাজির হয়নি বসুন্ধরা কিংস।
ডিসিপ্লিনারি
কমিটির সিদ্ধান্ত মতে এই দুই ক্লাবকে এক মাসের মধ্যে ৫ লাখ টাকা করে
জরিমনা দিতে হবে। আগামী বছর অনুষ্ঠিতব্য ফেডারেশন কাপেও অংশ নিতে পারবে না
এই দুই ক্লাব। জরিমানার টাকা ২৭ জানুয়ারির মধ্যে বাফুফের হিসাব শাখায় জমা
দিতে হবে।