টাইব্রেকার জিতে গ্রুপসেরা মোহামেডান
Published : Tuesday, 28 December, 2021 at 12:00 AM
নির্ধারিত
সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। দুই দলই বাসে করে স্টেডিয়াম ছাড়ার অপেক্ষায়
ছিল। ঠিক তখনই বার্তা আসে গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ নির্ধারণে
টাইব্রেকার হবে! সেখানে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ৪-৩ গোলে স্বাধীনতা
ক্রীড়া সংঘকে হারানোয় ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে ফেডারেশন কাপের কোয়ার্টার
ফাইনাল খেলবে।
ফেডারেশন কাপে ‘এ’ গ্রুপে ছিল বর্তমান চ্যাম্পিয়ন
বসুন্ধরা কিংস। মাঠ ও ফরম্যাট ‘পছন্দ’ না হওয়ায় অস্কার ব্রুজনের দল খেলতে
আসেনি। চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে তা জানিয়েও দেয় তারা। যে কারণে এই গ্রুপে
মোহামেডান ও স্বাধীনতার পয়েন্ট সমান হওয়াতে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়েছে।
এছাড়া দুই দলের গোল ব্যবধান, কার্ড সংখ্যাও সমান ছিল।
আজ (সোমবার)
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে মোহামেডান-স্বাধীনতা
ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ম্যাচের ৩৯ মিনিটে মোহামেডান এগিয়ে
যায়। শাহেদ মিয়ার কর্নারে বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেডে গোলটি করেন মালির
স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। এক মিনিট পরই স্বাধীনতাকে ম্যাচে ফেরান
বসনিয়ার স্ট্রাইকার নেদো তুর্কোভিচ। রাসেল আহমেদের রক্ষণচেরা থ্রু থেকে
ডান পায়ের প্লেসিংয়ে জাল খুঁজে নেন।
বিরতির পর কোনও দল লক্ষ্যভেদ করতে
পারেনি। পরিষ্কার করে বলতে গেলে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল হয়নি। এর মধ্যে
৪৯ মিনিটে ভালো সুযোগ নষ্ট করে স্বাধীনতা। ডান থেকে সতীর্থের দেওয়া ক্রস
বক্সের মধ্যে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন জিল্লুর রহমান, মোহামেডানের দুই
ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ দিকে খানিকটা সরে এসে এই ফরোয়ার্ড বাঁ পায়ের জোরালো
শট নিলেও তা জাল খুঁজে পায়নি।