নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন বগুড়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।
মামলায় ভার্চুয়াল টকশোর উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলালকেও আসামি করা হয়েছে। আদালতে মামলা করার সময় সাইফুল ইসলামের সঙ্গে রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহিদীসহ বগুড়া ও রাজশাহীর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।
বাদী সাইফুল ইসলাম বলেন, শেখ মহিউদ্দিন হেলালের ভার্চুয়াল টকশোতে অংশ নিয়ে ডা. মুরাদ হাসান ব্যরিস্টার জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন। এ কারণে মামলাটি করা হয়। আদালত মামলাটি গ্রহণ করলেও কোনো আদেশ দেয়নি। পরবর্তীতে আদালত এ ব্যাপারে আদেশ দেবে।