বায়ো-বাবল ভেঙে নিষিদ্ধ ইংলিশ আম্পায়ার
Published : Wednesday, 3 November, 2021 at 12:00 AM
করোনা
ভাইরাসের কারণে বিশ্বকাপ আয়োজনে বেশকিছু নিয়মে পরিবর্তন এনেছে বিশ্ব
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। একই ধারায় এসেছে জৈব সুরক্ষা বলয়ে
থাকার নিয়মও। কিন্তু কঠিন সেই নিয়মই ভাঙলেন ইংলিশ আম্পায়ার মাইকেল গফ।
পেলেন আইসিসি থেকে শাস্তিও।
আইসিসির জৈব বলয় সুরক্ষা কমিটি তাকে ছয়
দিনের জন্য নিষিদ্ধ করেছেন। থাকতে হবে আইসোলেশনে। এর পাশাপাশি নিয়ম ভঙের
কারণ উদঘাটনের জন্য তদন্ত চালাচ্ছে সংস্থাটি। নিয়ম ভাঙায় পরিচালনা করতে
পারেননি গত রোববারের ভারত-নিউজিল্যান্ড ম্যাচ।
সাবেক এই ইংলিশ ক্রিকেটার
মাইকেল গফ সময়ের অন্যতম সেরা আম্পায়ারদের একজন। রোববার থেকে আইসোলেশনে
রয়েছেন তিনি। আইসোলেশন পর্ব শেষে আগামী ৭ই নভেম্বর
নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচে আম্পায়ারিংয়ে ফেরার কথা রয়েছে তার।
বায়ো-বাবল
ভাঙার জন্য আর্থিক জরিমানার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে গফের। তিনি কীভাবে
জৈব সুরক্ষা বলয় ভেঙেছেন সেটা জানায়নি আইসিসি। আইসিসির অফিসিয়ালরা সেটা
প্রকাশ না করলেও জনপ্রিয় ব্রিটিশ গণমাধ্যম মিরর জানাচ্ছে, গত শুক্রবার কারও
অনুমতি ছাড়া হোটেল থেকে বেরিয়ে যান গফ। এরপর বাবলে না থাকা মানুষদের সঙ্গে
সাক্ষাত করেন।