ভারত থেকে ফিরলো পাচার হওয়া ২০ কিশোর-কিশোরী
Published : Friday, 8 October, 2021 at 12:00 AM
বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি কিশোর কিশোরী দুই-তিন বছর পর দেশে ফিরলো। তাদের মধ্যে নয় জন ছেলে এবং ১১ মেয়ে রয়েছে।
ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশি ডেপুটি হাই কমিশনার (রাজনৈতিক) শামীমা ইয়াসমিন স্মৃতি জানান, বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকাল ৪টার দিকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে পাচার হওয়াদের হস্তান্তর করেন। এসব কিশোর-কিশোরীদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। তাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। তারা বিভিন্ন এলাকার সীমান্ত পথে ভারতে পাচার হয়।
পাচার প্রতিরোধ নিয়ে কাজ করা এনজিও সংস্থা যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে? সংস্থাটির যশোর শাখার সিনিয়ার প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, সংসারে অভাব-অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে দালালরা তাদের ভারতে পাচার করে। পরে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে তাদের ব্যবহার করে। ভারতীয় পুলিশ খবর পেয়ে পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার করে তাদের আদালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় ভারতীয় এনজিও সংস্থার শেল্টার হোমে। পরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস তাদের দেশে ফেরার বিষয়ে তৎপরতা শুরু করে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি রাজু আহমেদ বলেন, ‘সেখানে অবৈধভাবে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করার সময় পুলিশ পাচার হওয়াদের আটক করে এবং আদালতে পাঠায়। সেখান থেকে পশ্চিম বাংলার সাতটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয় এবং বিভিন্ন শেল্টার হোমে রাখে। পরে তাদের সার্বিক সহযোগিতায় তাদের দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।’
ফেরত আসারা নোয়াখালী, লক্ষ্মীপুর, নড়াইল, নারায়ণগঞ্জ, বরিশাল, খুলনা, কিশোরগঞ্জ, যশোর, সাতক্ষীরা ও নওগাঁ জেলার বাসিন্দা।