ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অফিসিয়াল চূড়ান্ত
Published : Friday, 8 October, 2021 at 12:00 AM
ওমান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৬ জন শীর্ষস্থানীয় আম্পায়ার ও চার অভিজ্ঞ ম্যাচ রেফারিকে বাছাই করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
রাউন্ড ওয়ান ও সুপার টুয়েলভের ম্যাচ পরিচালনার জন্য ২০ জন ম্যাচ অফিসিয়ালের নাম বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঘোষণা করেছে আইসিসি। তারা মোট ৪৫টি ম্যাচ পরিচালনা করবেন। তাদের মধ্যে আলীম দার, মারাইস এরাসমুস ও রড টাকার তাদের ক্যারিয়ারের ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাচ্ছেন। কোভিড মহামারি শুরুর পর প্রথমবার ক্রিকেটের কোনো ম্যাচে নিরপেক্ষ আম্পায়ার মাঠে দাঁড়াবেন। ১৬ দলের এই টুর্নামেন্ট ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে ওমানের মাস্কট এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, শারজা ও দুবাইতে।
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দায়িত্ব পাচ্ছেন। নিউ জিল্যান্ডের ক্রিস গ্যাফানি তার সঙ্গে থাকবেন ওমান-পাপুয়া নিউ গিনি ম্যাচে।
আরেক শ্রীলঙ্কান রঞ্জন মাদুগালে হবেন ওই ম্যাচের ম্যাচ রেফারি। রিচার্ড কেটেলবোরো টিভি আম্পায়ার ও আহসান রাজা চতুর্থ আম্পায়ার।
আলীম ও এরাসমুসকে বাছাই করা হয়েছে সুপার টুয়েলভে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের জন্য। ওই ম্যাচে ম্যাচ রেফারি অস্ট্রেলিয়ান গ্রেট ডেভিড বুন। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিস ব্রাউন থাকবেন ওই ম্যাচের টিভির দায়িত্বে। সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করা হবে পরে।